ঢাকা    সোমবার, ১৫ জুন ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের দাবিতে অবস্থান কর্মসূচি

কলাপাড়ায় সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের দাবিতে অবস্থান কর্মসূচি


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল ২০২৬


 কলাপাড়ায় সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের দাবিতে অবস্থান কর্মসূচি

পটুয়াখালী: কলাপাড়ার ধানখালীতে আশুগঞ্জ কোম্পানির অধিগ্রহণ করা জমিতে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। রোববার, ২৬ এপ্রিল সকাল সাড়ে ১০টায় পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা কলাপাড়াবাসী’। এসময় ‘যুদ্ধ থামাও, পৃথিবী বাঁচাও’ এই স্লোগানকে সামনে রেখে জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবি জানান তারা।
এসময়ে বক্তব্য রাখেন পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু, কামাল হাসান রনি, সাইফুল্লাহ মাহমুদ ও নজরুল ইসলামসহ অন্যান্যরা। অবস্থান কর্মসূচিতে পরিবেশকর্মী, গণমাধ্যমকর্মী, কৃষকসহ বিভিন্ন শ্রেণিপেশার অর্ধশতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে দ্রুত রূপান্তর প্রয়োজন। তারা কলাপাড়ার ধানখালী এলাকায় আশুগঞ্জ কোম্পানির অধিগ্রহণ করা কৃষিজমি যথাযথভাবে ব্যবহার করে সেখানে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের দাবি জানান।
পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে পরিবেশবান্ধব জ্বালানির দিকে যেতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। তাই এখনই টেকসই জ্বালানি ব্যবস্থার দিকে গুরুত্ব দিতে হবে।
পরিবেশ সংগঠক কামাল হাসান রনি বলেন, অধিগ্রহণ করা জমি দীর্ঘদিন অব্যবহৃত না রেখে সেখানে দ্রুত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হলে একদিকে যেমন বিদ্যুৎ উৎপাদন বাড়বে, অন্যদিকে পরিবেশেরও সুরক্ষা নিশ্চিত হবে। বক্তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৫:১৫   ৭৪ বার পঠিত  |      

----