![]()
গাজীপুর: কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অপরাধে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। কারাদন্ডপ্রাপ্ত যুবক বক্তারপুর ইউনিয়নের উত্তর খৈকড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে নাজমুল আলম। গতকাল বুধবার সকালে ওই শিক্ষার্থী প্রতিদিনের মতো অটোরিকশা দিয়ে স্কুল যাওয়ার সময় যাত্রীবেশে ওই যুবক তাকে উত্ত্যক্ত করতে থাকে।
এই সময় ওই শিক্ষার্থী অটোরিকশা থাকিয়ে এলাকার লোকজনকে তার অপকর্মের বিষয়টি জানান। তখন এলাকাবাসী ওই যুবককে আটক করে উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ পরিচালনা করে উত্ত্যক্তকারী নাজমুল আলমকে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। কালীগঞ্জ থানা পুলিশ দন্ডপ্রাপ্ত ওই যুবককে বিকেলে গাজীপুর জেলহাজতে প্রেরণ করেন।
এছাড়া উপজেলার নাগরী ইউনিয়নের পিপুলিয়া ও তুমলিয়া ইউনিয়নের দাড়কাভাঙ্গা এলাকায় প্রশাসনের অনুমতি ছাড়া কৃষি জমি হতে মাটি কাটার অপরাধে দুই ব্যক্তিকে ৫০ হাজার করে ১ লাখ টাকা আর্থিক জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় দুটি মামলায় পিপুলিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে মো: আতিক (৪৮) ও দাড়কাভাঙ্গা গ্রামের মৃত আব্দুল লতিফ এর ছেলে মাহবুবুর রহমানকে আর্থিক জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, স্কুলের এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার কারণে এক যুবককে কারাদন্ড দেয়া হয়েছে। কৃষি জমি থেকে মাটি কাটা সম্পূর্ণ নিষেধ। যারা কৃষি জমি থেকে মাটি কাটে তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাটি কেটে শ্রেণি পরিবর্তন করার অপরাধে দুই ব্যক্তিকে আর্থিক জরিমানা করা হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:১৭:৫৭ ৪৯ বার পঠিত | ● কারাদণ্ড ● কালীগঞ্জ ● যুবক