ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ৫ মে ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » রাতের আঁধারে ফুটপাত দখলের মহোৎসব,বাজারে গাছ উপড়ে ঘর নির্মাণ

রাতের আঁধারে ফুটপাত দখলের মহোৎসব,বাজারে গাছ উপড়ে ঘর নির্মাণ


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে ২০২৬


রাতের আঁধারে ফুটপাত দখলের মহোৎসব,বাজারে গাছ উপড়ে ঘর নির্মাণ

ভোলা: লালমোহন পৌরসভার উত্তর বাজার এলাকায় রাতের আঁধারকে কাজে লাগিয়ে ফুটপাত দখলের এক অঘোষিত প্রতিযোগিতা শুরু হয়েছে।সরকারি জায়গা দখল করে একের পর এক অস্থায়ী ঘর তুলে দোকান বসানোর ঘটনায় চরম ভোগান্তিতে পড়ছেন পথচারীরা।

মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে উত্তর বাজার মসজিদ সংলগ্ন সড়কের পানের আড়ত এলাকায় গিয়ে দেখা যায়, পৌরসভার উদ্যোগে লাগানো ফুটপাতের গাছ উপড়ে ফেলে কাঠ, তক্তা ও ত্রিফল দিয়ে ঘর নির্মাণ চলছে। কোথাও ইতোমধ্যে দোকান সাজিয়ে বেচাকেনাও শুরু হয়ে গেছে, আবার কোথাও চলছে দখল নেওয়ার প্রস্তুতি।

সরেজমিনে রাত সাড়ে ৯টার দিকে দেখা যায়, ফুটপাতের একপাশে কয়েকজন ব্যবসায়ী অস্থায়ী কাঠামো দাঁড় করিয়ে পণ্য বিক্রি করছেন।

অপর পাশে খালেক নামের এক ব্যক্তি কাঠ ও তক্তা দিয়ে ঘর তুলছেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সবাই যখন করছে, তখন আমিও করছি। এখানে রুটির দোকান দেবো।
ফুটপাতের সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ কতটা বৈধ! এমন প্রশ্নে তিনি সুনির্দিষ্ট কোনো উত্তর দিতে পারেননি।

একই সঙ্গে ফুটপাতে লাগানো গাছগুলো কোথায় গেছে! এ প্রশ্নেরও কোনো জবাব দিতে ব্যর্থ হন।

স্থানীয় ব্যবসায়ী মামুন, ফয়সাল ও ভাস্করের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাতের বেলায় প্রভাবশালী একটি চক্র পরিকল্পিতভাবে ফুটপাত দখল করে আসছে। এতে একদিকে যেমন সরকারি সম্পদের ক্ষতি হচ্ছে, অন্যদিকে পথচারীদের চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। অনেকেই বাধ্য হয়ে সড়কের মূল অংশ দিয়ে হাঁটতে গিয়ে দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছেন।

সচেতন মহল মনে করছে, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে এই দখল প্রক্রিয়া স্থায়ী রূপ নিতে পারে এবং পুরো বাজার এলাকার ফুটপাতই দখল হয়ে যেতে পারে।

এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক মোহাম্মদ সিফাত বিন সাদেককে একাধিকবার মুঠোফোনে কল করে পাওয়া যায়নি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৭:২৩   ২৯ বার পঠিত  |