ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে ইয়াবাসহ আটক বিএনপি নেতার ছেলেকে কারাদণ্ড,যুবদল নেতাকে মারধর

আড়াইহাজারে ইয়াবাসহ আটক বিএনপি নেতার ছেলেকে কারাদণ্ড,যুবদল নেতাকে মারধর


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে ২০২৬


 আড়াইহাজারে ইয়াবাসহ আটক বিএনপি নেতার ছেলেকে কারাদণ্ড
নারায়ণগঞ্জ: আড়াইহাজারে মাদক সেবনের দায়ে বিশনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মাসুদের ছেলে মোবারক করিম স্বাধীনকে তিন দিনের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুর রহমান এ দ- দেন। সাজাপ্রাপ্ত বিএনপির নেতার মোবাইলে ছবি তোলাকে জেরে ওই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলামকে পিটিয়ে জখম করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার গোপালদী পৌরসভার উলুকান্দি এলাকার সামাজিক কবরস্থান মোড় এলাকা থেকে তিন পিস ইয়াবাসহ বিশনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মাসুদের ছেলে মোবারক করিম স্বাধীনকে আটক করেন স্থানীয় লোকজন। পরে তাঁকে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশের কাছে সোপর্দ করা হয়। খবর পেয়ে বিশনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মাসুদের সমর্থকেরা তদন্ত কেন্দ্রে সামনে জড়ো হয়। স্বাধীনকে আধাঘন্টার মধ্যে সসম্মানে ছেড়ে দেয়ার জন্য পুলিশকে আল্টিমেটাম দেয় বিএনপি নেতা গাজী মাসুদের সমর্থকরা। গোপালদী তদন্ত কেন্দ্র থেকে পরিস্থিতি আঁচ করতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়া হয়।

একপর্যায়ে স্বাধীনকে জোরপূর্বক ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করা হলে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও মো. আসাদুর রহমান। মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালত মোবারক করিম স্বাধীনকে তিন দিনের কারাদ- দেওয়া হয়। এদিকে থানায় মোবারক করিম স্বাধীনের ছবি তুলতে এসে বাগ বিতন্ডায় জড়িয়ে পড়েন বিশনন্দী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম। পুলিশের হস্তক্ষেপে থানায় উত্তেজনা পরিস্থিতি সাময়িক সময়ে জন্য নিয়ন্ত্রন আসলেও থানার বাইরে এনিয়ে বেশ উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। আড়াইহাজার থানা থেকে বাড়ি যাওয়ার পথে তালতলা এলাকায় নুরুল ইসলামকে তার প্রতিপক্ষের লোকজন পিটিয়ে গুরুতর জখম করে রাস্তায় ফেলে যায়। খবর পেয়ে নুরুল ইসলামের স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনা এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।
নূরুল ইসলাম জানান, আড়াইহাজার থানা থেকে বাড়ি যাওয়ার পথে তালতলা এলাকায়, গাজী মাসুদের লোকজন তাকে উপর্যুপরি কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করে। তাঁকে রক্ষা করতে গিয়ে বিএনপি নেতা দাইয়ানও আহত হন।
নুরুল ইসলামকে মারধর করার বিষয়টি অস্বীকার করেছেন বিশনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মাসুদ। তিনি বলেন, সামনের বিশনন্দী ইউপি নির্বাচন তিনি সম্ভাব্য প্রার্থী। তাই একটি পক্ষ পরিকল্পিতভাবে তার পরিবারকে ফাঁসিয়ে বদনাম করছে বলে তিনি দাবী করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, সাজাপ্রাপ্ত মাদকসেবী মোবারক করিম স্বাধীনকে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়েছে। নুরুল ইসলামের উপর হামলার ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৩:০২   ৩৯ বার পঠিত  |