![]()
দেশের আর্থিক খাতকে সঠিক পথে পরিচালনায় ব্যাংক রেজল্যুশন আইন প্রয়োজন। তবে এটি কোনো দাতা সংস্থার শর্তে নয়, বরং সরকারের নিজস্ব উদ্যোগে করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ রোববার সচিবালয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জোহানস ঝাটের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ব্যাংক রেজল্যুশন কার্যকর করতে যা যা প্রয়োজন, বর্তমান সরকার তা করবে। ব্যাংক খাত আরও শক্তিশালী ও শৃঙ্খল কাঠামোয় আনতে ব্যাংক রেজল্যুশন আইন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তবে বৈঠক শেষে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
প্রসঙ্গগত ব্যাংক রেজল্যুশন আইন প্রণয়নের মাধ্যমে দুর্বল পাঁচ ইসলামী ব্যাংককে একীভূত করে অন্তর্বর্তী সরকার। তবে বিএনপি সরকার ক্ষমতায় এসে সাম্প্রতি ব্যাংক রেজল্যুশন আইনে ১৮ক ধারা সংযোজন করে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর পুরনো মালিকদের ফিরে আসার সুযোগ দেওয়া হয়েছে। এত উদ্বেগ জানিয়েছে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
অর্থমন্ত্রী আরও বলেন, নতুন ঋণ সহায়তা নিয়েও বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি আগামী বাজেটে বিশ্বব্যাংকের সম্ভাব্য সহায়তার বিষয়ও উঠে আসে বৈঠকে।
যুদ্ধজনিত প্রভাবে সৃষ্ট আর্থিক ঘাটতি মোকাবিলায় উন্নয়নশীল ও স্বল্প আয়ের দেশগুলোর জন্য বিশ্বব্যাংক ২ হাজার ৫০০ কোটি ডলার পর্যন্ত জরুরি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। এ তহিবল থেকে ১০০ কোটি ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে চলতি অর্থবছরে বাজেট সহায়তা হিসেবে ৫০ কোটি ডলারের পাশাপাশি কিছু প্রকল্প ঋণ নিয়ে সংস্থাটির সঙ্গে আলোচনা চলছে।
এন, আর
বাংলাদেশ সময়: ২২:৩৮:৩৭ ৫৩ বার পঠিত | ● অর্থমন্ত্রী ● ব্যাংক রেজল্যুশন আইন