![]()
ঢাকা: নিরাপদ খাদ্য উৎপাদন, উৎপাদনশীলতা বৃদ্ধি, নতুন জাতের সম্প্রসারণ, কৃষিপণ্যের গুণগত মান উন্নয়ন ও টেকসই কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকার দোহারে কৃষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে “পার্টনার কংগ্রেস-২০২৬”।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে “কৃষিই সমৃদ্ধি”প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাঈদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের উপ -পরিচালক কৃষিবিদ সেয়দ তানভীর আহম্মেদ। এ সময়ে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কৃষকই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষকের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক অগ্রগতি সম্ভব নয়। তাই নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
দোহার উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ মিঠুন এর স্বাগত বক্তব্যের মাধ্যমে বক্তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও বিজ্ঞানসম্মত করতে হবে। নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য অতিরিক্ত রাসায়নিকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত কৃষি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা প্রয়োজন। একই সঙ্গে কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তুলতে মাঠপর্যায়ে প্রশিক্ষণ ও পরামর্শ কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উন্নত জাতের বীজ ব্যবহার, সুষম সার প্রয়োগ, সমন্বিত বালাই দমন ব্যবস্থা, মাটির উর্বরতা সংরক্ষণ এবং কম খরচে অধিক ফলন নিশ্চিত করার বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজনভিত্তিক কৃষি ব্যবস্থাপনার গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।
অনুষ্ঠানে অংশ নেওয়া কৃষকরা জানান, এ ধরনের আয়োজন তাদের আধুনিক কৃষি প্রযুক্তি ও নিরাপদ খাদ্য উৎপাদন সম্পর্কে নতুন ধারণা দিচ্ছে। এতে কৃষকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন। এর আগে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। পরে তারা জিএপি (এঅচ) পদ্ধতিতে উৎপাদিত সবজি ও জৈব বালাইনাশক প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারন-সম্পাদক মাসুদ পারভেজ, কুষক দলের সভাপতি কাজী রুবেল, সম্পাদক রফিক কবিরাজ, উপজেলা প্রানী সম্পদ কর্মকতৃা মো.শামীম হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাকিবুল হাসাস, মহিলা বিষয়ক কর্মকর্তা সাবরিনা লাকি প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:০৫:৫৯ ১২৫ বার পঠিত | ● দোহার ● পার্টনার কংগ্রেস’