![]()
পটুয়াখালী: বাউফলে পেয়ারা গাছ থেকে নামার পর অসুস্থ হয়ে ফাইজুল (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির হাতে সাপের কামড়ের মতো চিহ্ন পাওয়ায় সাপের দংশনে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন চিকিৎসকরা।
মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায় উপজেলার উত্তর কনকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফাইজুল ওই গ্রামের ফরিদ হাওলাদারের ছেলে এবং উত্তর কনকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির উঠানে থাকা পেয়ারা গাছে উঠে ফল সংগ্রহ করছিল ফাইজুল। কিছুক্ষণ পর হঠাৎ গাছ থেকে নেমে এসে চিৎকার করে মায়ের কোলে ঢলে পড়ে। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্র জানায়, শিশুটির হাতে ছোট ছোট কয়েকটি নীলচে দাগ পাওয়া গেছে, যা সাপের দাতের চিহ্ন হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে পরীক্ষার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
কনকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা ইয়াসমিন বলেন, “ফাইজুল সকালে স্কুলে এসে মৌখিক পরীক্ষায় অংশ নেয়। বিকেলে তার মৃত্যুর খবর শুনে আমরা সবাই মর্মাহত। তার মৃত্যুতে বিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।”
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “পুলিশ ঘটনাটি খোঁজখবর নিয়েছে। শিশুটির হাতে সাপের দাতের মতো ক্ষতচিহ্ন দেখা গেছে। চিকিৎসকদের পরীক্ষার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
স্থানীয়দের অভিযোগ, বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে সাপের বিষ নষ্ট করার প্রতিষেধক (এন্টিভেনম) সরবরাহ নেই। একইসঙ্গে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিনেরও সংকট রয়েছে। অথচ উপজেলায় সাপের কামড়ে মৃত্যুর ঘটনা বাড়ছে বলে দাবি।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৩২:৫০ ৩০ বার পঠিত | ● বাউফল ● শিশুর মৃত্যু