ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ১৫ মে ২০২৬
প্রচ্ছদ » অন্যান্য » নতুন সমীকরণে ডিপসিক বিতর্ক

নতুন সমীকরণে ডিপসিক বিতর্ক


অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে ২০২৬


 নতুন সমীকরণে ডিপসিক বিতর্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির কৌশল বাগিয়ে নেওয়ার অভিযোগে চীনা সংস্থার বিরুদ্ধে সারাবিশ্বে সতর্কবার্তা জারি করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কূটনৈতিক বার্তার ভিত্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, সারাবিশ্বে মার্কিন কূটনীতিকদের কয়েকটি দেশের সরকারি মুখপাত্রের বরাতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

অভিযোগে যুক্তরাষ্ট্র বলছে, চীনা সংস্থা মার্কিন এআই মডেল থেকে তথ্য সংগ্রহ করে নিজস্ব প্রযুক্তি তৈরি করছে। ইতোমধ্যে বার্তাটি বিশ্বের কয়েকটি দেশের দূতাবাসে পাঠানো হয়েছে। এতে বলা হয়, প্রতিপক্ষ শক্তি মার্কিন এআই মডেল থেকে তথ্য সংগ্রহ ও তা ব্যবহার করেছে– একে উদ্বেগের কারণ হিসেবে চিহ্নিত করতে হবে।

ডিস্টিলেশন নামে প্রক্রিয়ার কথাও উল্লেখ করা হয়েছে। এই প্রক্রিয়ায় বড় ও শক্তিশালী এআই মডেলের আউটপুট ব্যবহার করে ছোট মডেল তৈরি করা হয়। এতে কম খরচে মানোন্নত প্রযুক্তি তৈরি করা সম্ভব। মার্কিন সূত্র বলছে, বেইজিংয়ের কাছেও একই বার্তা পাঠানো হবে। যদিও এ বিষয়ে এখনও চীনকে কোনো দাপ্তরিক প্রতিক্রিয়া জানানো হয়নি। এর আগে হোয়াইট হাউস থেকেও একই ধরনের অভিযোগ করা হয়। অবশ্য তখন এই কূটনৈতিক বার্তার বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হয়নি। রিপোর্ট বলছে, ওপেনএআই মার্কিন আইনপ্রণেতাদের অনেক আগেই সতর্ক করে বলেছিল, চ্যাটজিপিটির মতো এআই মডেল ডিপসিক তৈরির পরিকল্পনা নিয়ে কাজ করছে চীন। উত্থাপিত এসব অভিযোগ আমলেই নেয়নি চীন।ওয়াশিংটনের চীনা দূতাবাস বিবৃতিতে বলেছে, চীনা সংস্থা যুক্তরাষ্ট্রের এআই কৌশল চুরি করছে– এমন অভিযোগ ভিত্তিহীন। চীনের উন্নয়নকে মেনে নিতে না পেরে বিদ্বেষমূলক প্রোপাগান্ডা ছড়ানো এর প্রধান উদ্দেশ্য।

গবেষকরা বলছেন, ডিপসিক তাদের নতুন এআই মডেল ভিফোর প্রিভিউ প্রকাশ করেছে। মডেলটি হুয়াওয়ের চিপ প্রযুক্তির সঙ্গে মানানসই করে তৈরি করা হয়েছে। এতে প্রযুক্তিগত ক্ষেত্রে চীনের স্বনির্ভরতা ও সক্ষমতা অনেকাংশে বেড়েছে।ডিপসিক দাবি করে বলেছে, তাদের এআই মডেল তৈরিতে সাধারণভাবে পাওয়া ডেটা আর ওয়েব থেকে সংগৃহীত তথ্য ব্যবহৃত হয়েছে। এর নির্মাণে ওপেনএআইর কোনো ডেটা জেনেবুঝে ব্যবহার করা হয়নি। ডেটা নিরাপত্তার উদ্বেগে পশ্চিমের বহু দেশ ছাড়াও এশিয়ার কিছু দেশ তাদের সরকারি কাজে ডিপসিক ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে।কিন্তু অনেক দেশে এই সংস্থার এআই মডেলের ব্যবহার বেশ গ্রহণযোগ্য আর জনপ্রিয় হয়েছে।ঘটনাপ্রবাহ এমন সময় সামনে এলো, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনসফরে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের প্রস্তুতির কথা চলমান। এ ঘটনায় দুই দেশের মধ্যে এআই নিয়ে দ্বন্দ্ব আরও চরমে পৌঁছেছে। এতে অস্থিরতা ছড়াবে সব টেক সংস্থার মধ্যে। এমন ধারণাই দিয়েছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ সময়: ১৩:৪২:২৯   ৩৪ বার পঠিত  |