ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১৭ মে ২০২৬
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় প্রকৃত দরিদ্রদের ফ্যামিলি কার্ডে অগ্রাধিকার দেওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

কলমাকান্দায় প্রকৃত দরিদ্রদের ফ্যামিলি কার্ডে অগ্রাধিকার দেওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৭ মে ২০২৬


কলমাকান্দায় প্রকৃত দরিদ্রদের ফ্যামিলি কার্ডে অগ্রাধিকার দেওয়ার আহ্বান ডেপুটি স্পিকারেরনেত্রকোনা: কলমাকান্দায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে প্রকৃত হতদরিদ্র ও অসহায় মানুষ বঞ্চিত হওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সমাজসেবা বিভাগ ও প্রশাসনের প্রতি সতর্কবার্তা দিয়ে বক্তব্য দিয়েছেন জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি।

শনিবার (১৬ মে) বিকেলে কলমাকান্দা জেলা পরিষদ হলরুমে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে লেংগুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের গারো, হাজং, বাঙালি ও হিন্দু সম্প্রদায়ের ৭৯৪ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ২ হাজার ৫১৫ টাকা করে বিতরণ করা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রেজাউল করিম জানান, লেংগুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ বাঙালি ও হিন্দু সম্প্রদায়ের ৭৯৪ জনের মাঝে এ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমে প্রথমে হতদরিদ্র, এরপর অতি দরিদ্র এবং পরে দরিদ্রদের অগ্রাধিকার পাওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবতায় অনেক প্রকৃত অসহায় মানুষ তালিকার বাইরে রয়ে গেছেন।
তিনি বলেন, নির্বাচনের সময় আমি মানুষের দ্বারে দ্বারে গিয়ে হেলথ কার্ড ও ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছি। তখন বলেছিলাম- এ কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। আমি নিজেও দুর্নীতি করব না, দুর্নীতিকে প্রশ্রয়ও দেব না।
তিনি আরও বলেন, দুর্নীতি শুধু অর্থ আত্মসাৎ নয়, দায়িত্বশীল কাজে গাফিলতিও দুর্নীতির অংশ। প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষ, বিশেষ করে দরিদ্র মা-বাবা, স্বামীহারা নারী ও অসহায় পরিবারগুলোকেই অগ্রাধিকার দিতে হবে।

তথ্য সংগ্রহে ত্রুটির অভিযোগ তুলে তিনি বলেন, “অনেক ক্ষেত্রে তথ্য সংগ্রহকারীরা অপেক্ষাকৃত সচ্ছল বাড়িতে গেছেন, কিন্তু যেসব ঘরে বসার চেয়ার নেই, ছনের চাল নেই কিংবা ঘরে ঢোকাও কষ্টকর- সেই প্রকৃত দরিদ্র পরিবারগুলোর কাছে পৌঁছানো হয়নি।

তিনি ভবিষ্যতে এসব ত্রুটি সংশোধনের আহ্বান জানিয়ে বলেন, প্রথমবার হওয়ায় ভুলত্রুটি হতে পারে। তবে পরবর্তীতে এ ধরনের অনিয়ম যেন না হয়, সে বিষয়ে প্রশাসনকে আরও সতর্ক থাকতে হবে। অন্যথায় প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল হক।

এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, জেলা সমাজসেবার উপ-পরিচালক মো. শাহআলম, ইউএনও এস এম মিকাইল ইসলাম ও লেংঙ্গুরা ইউপি চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান ভূঁইয়াসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৮:১১   ১৭ বার পঠিত  |