ঢাকা    মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২৪ মে ২০২৬
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারার ঈদের বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়

ভেড়ামারার ঈদের বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়




 ভেড়ামারার ঈদের বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়

কুষ্টিয়া: পবিত্র ঈদুল আজহাকে (কোরবানির ঈদ) সামনে রেখে  ভেড়ামারায় জমে উঠেছে ঈদের বাজার। দিন যতই ঘনিয়ে আসছে, স্থানীয় মার্কেট, বিপণিবিতান ও শপিংমলগুলোতে ক্রেতাদের ভিড় ততই বাড়ছে। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটার ধুম।

ভেড়ামারার বিভিন্ন বাজার ও শপিংমল ঘুরে দেখা গেছে, পোশাক, জুতো, কসমেটিকস ও টুপি-আতরের দোকানগুলোতে পা ফেলার জায়গা নেই। বিশেষ করে ভেড়ামারা রেলবাজার মার্কেট, বড় বাজার এলাকা এবং স্টেশন রোডের আধুনিক ফ্যাশন হাউসগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এবার গরমের মধ্যে ঈদ হওয়ায় সুতি ও আরামদায়ক পোশাকের চাহিদা সবচেয়ে বেশি। পাশাপাশি ঐতিহ্যবাহী পোশাকের দোকানেও তরুণ-তরুণীদের ভিড় চোখে পড়ার মতো।

ব্যবসায়ীরা জানান, গত কয়েকদিনের তুলনায় বর্তমানে বিক্রি অনেক ভালো। দূর-দূরান্ত থেকে ক্রেতারা আসছেন। তবে ক্রেতাদের অভিযোগ, গত বছরের তুলনায় এবার সব ধরনের পোশাক ও পণ্যের দাম কিছুটা বেশি। অন্যদিকে বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারে কাপড়ের দাম ও পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় খুচরা মূল্যে এর প্রভাব পড়েছে।

শুধু পোশাকের বাজারই নয়, কোরবানির ঈদকে কেন্দ্র করে ভেড়ামারার কামার পট্টিগুলোতেও ব্যস্ততা তুঙ্গে। দা, বঁটি, ছুরি ও চাপাতি তৈরিতে দিন-রাত কাজ করছেন কারিগররা। ঈদকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং যানজট নিরসনে বাজারের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারি লক্ষ্য করা গেছে। সব মিলিয়ে চড়া দামের মধ্যেও উৎসবের আমেজে কেনাকাটা সারছেন ভেড়ামারাবাসী।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৩:১৮   ১৭১ বার পঠিত  |