![]()
কুষ্টিয়া: ভেড়ামারায় জনস্বাস্থ্য সুরক্ষায় ঔষধ ফার্মেসী ও খাদ্য স্থাপনায় বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (০২ জুন, ২০২৬) পরিচালিত এই অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে কাঠেরপুল এলাকায় মেহেদী ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানা করা সহ সংশোধনী সতর্কবার্তা দেওয়া হয়।
অভিযান সূত্রে জানা যায়, উপজেলার মেহেদী ঔষধ ফার্মেসীতে দীর্ঘ ০৯ বছর ধরে ড্রাগ লাইসেন্স নবায়ন না করা, মেয়াদোত্তীর্ণ ঔষধ মজুত রাখা এবং কোনো প্রকার বৈধ সার্টিফিকেট ছাড়াই আরএমপি ও ফার্মাসিস্ট পরিচয় দিয়ে কার্যক্রম চালানোর প্রমাণ মেলে। এসব অপরাধে ভোক্তা অধিকার আইনের সংশ্লিষ্ট ধারায় ওই প্রতিষ্ঠানকে ১৮,০০০/- (আঠারো হাজার) টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
একই অভিযানে এলাকার বিভিন্ন খাদ্য স্থাপনা পরিদর্শন করা হয়। এসময় জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান বর্জন করে শতভাগ নিরাপদ ও মানসম্মত খাদ্য প্রস্তুত ও বিক্রির জন্য হোটেল ও খাদ্য ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়।
অভিযানটির নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া জেলার সহকারী পরিচালক। অভিযানে সার্বিক সহযোগিতা করেন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক এবং কুষ্টিয়া জেলা পুলিশের একটি চৌকস আইন-শৃঙ্খলা রক্ষাকারী দল।
ভোক্তা অধিকার নিশ্চিত ও জনস্বাস্থ্য রক্ষায় জেলা জুড়ে এই ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:১৭:৪৬ ৩৭ বার পঠিত | ● অভিযান ● ফার্মেসি ● ভেড়ামারা
----