![]()
কুড়িগ্রাম: উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে বাইপাস সড়ক বাস্তবায়ন কমিটির আয়োজনে পৌর শহরের গবা মোড়ে মানববন্ধন শেষে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ইউএনওকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নেতা খাইরুজ্জামান, আব্দুল হালিম, এলাকাবাসী রেজওয়ানুল ইসলাম, ওয়াদুদ মিয়া ও হামিদুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, যানজট নিরসনে সরকারের পক্ষ থেকে গত ৫বছর আগে পৌরসভার হ্যালিপ্যাড থেকে আমিন মোড় পর্যন্ত ৬৮ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ৩.২ কি.মি বাইপাস সড়ক নির্মানের জন্য অর্থ বরাদ্দ হয়। কিন্তু নানান জটিলতায় দীর্ঘদিন থেকে দরপত্র আহবান না হওয়ায় বর্তমানে অর্থ ফেরত যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এদিকে পৌর শহরে তীব্র যানজটের কারনে জরুরী রোগি পরিবহন এ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসকে দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। স্কুল-কলেজ গামী শিক্ষার্থীদেরও দাঁড়িয়ে থাকতে হয়।
কয়েকমাস পূর্বে যানজটে পরে এ্যাম্বুলেন্সেই এক শিশুর করুন মৃত্যু হয়েছে। এছাড়া কুড়িগ্রাম থেকে চিলমারী বন্দর ও মাওলানা ভাষানী (হরিপুর) সেতুর সাথে দ্রুত যোগাযোগ মাধ্যম হচ্ছে এই সড়ক। কিন্তু যানজটের কারনে এর সুবিধা পুরোপুরি পাচ্ছে না সাধারন মানুষ ও দুরপাল্লার পরিবহন । তারা আরও বলেন, সড়ক ও জনপদ বিভাগের মাধ্যমে দ্রুততম সময়ে ভূমি অধিগ্রহন প্রক্রিয়া শেষ করে টেন্ডার করা ও বিশেষ বাজেট প্রণয়ন নিশ্চিত করে জরুরী ভিত্তিতে বাইপাস সড়ক নির্মানের দাবী জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম আরিফ বাইপাস সড়কের দাবীতে স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।
কুড়িগ্রাম সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নিজাম উদ্দিন আহাম্মেদ বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে জমি অধিগ্রহনের কাজ চলছে। জমি অধিগ্রহন হলেই বাইপাস সড়ক নির্মানের টেন্ডার করা হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:০৭:৫৬ ৭ বার পঠিত | ● উলিপুর ● বাইপাস ● বাস্তবায়ন ● সড়ক
----