ঢাকা    বুধবার, ১৭ জুন ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রচ্ছদ » রংপুর » এক রাতেই খসে গেলো ব্রিজের কার্পেটিং

এক রাতেই খসে গেলো ব্রিজের কার্পেটিং


মোকাদ্দেস হায়াত মিলন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও)
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬


 এক রাতেই খসে গেলো ব্রিজের কার্পেটিং
ঠাকুরগাঁও: পীরগঞ্জে গভীর রাতে কার্পেটিংয়ের কাজ করার অভিযোগ উঠেছে। উপজেলার হাজীপুর ইউনিয়নের সিংগারোল-চিলকামনি ব্রিজে ১৩ জুন রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত ব্রিজে কার্পেটিংয়ের কাজ করা হয়। সকালে স্থানীয়রা ব্রিজ গিয়ে কার্পেটিংয়ের কাজ দেখে হতবাক হন। কাজের মান নিয়ে প্রশ্ন তোলেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, এলজিইডির অধীনে বাস্তবায়নাধীন প্রকল্পের কাজটি ঋশি এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সম্পন্ন করছে। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সোহেল রানা বলে জানা গেছে।
এলাকাবাসীর অভিযোগ, সকালে ব্রিজে গিয়ে তারা দেখতে পান সদ্য করা কার্পেটিংয়ের কিছু অংশ খসে পড়ছে। তাদের দাবি, কাজের সময় প্রয়োজনীয় মানদ- অনুসরণ করা হয়নি এবং বিটুমিন (আলকাতরা) যথাযথভাবে ব্যবহার করা হয়নি। তবে উপজেলা প্রকৌশল অফিসের দাবী অনিয়ম হলে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
দহগা গ্রামের আব্দুল মালেক, সিঙ্গারোল গ্রামের লিমন ইসলাম, ভেবড়া বোডের হাটে এলাকার আব্দুর রহমান ও স্থানীয় সাদেকুল ইসলাম ও খাদেমুল ইসলাম বলেন, দিনের কাজ রাতের বেলায় এতে বুঝা যায় ‘ডাল মে কুচ কালা হেয়’। গভীর রাতে কাজ করার উদ্দেশ্য মহত হতে পারে না। আমরা মানসম্মত ও টেকসই কাজ চাই। ব্রিজের ওপর রাতের কার্পেটিংয়ের কিছু অংশ সকালে খসে পড়তেও দেখা গেছে। তাছাড়া রাতের এ কাজে সরকারি কোন লোকও দেখভালের জন্যও ছিল না। রাতে কাজ হওয়ায় স্থানীয়রা কাজের গুণগত মান পর্যবেক্ষণও করতে পারেনি। জনগণের টাকায় নির্মিত প্রকল্পে কোনো ধরনের অনিয়ম থাকলে তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে তারা মনে করেন।
এবিষয়ে হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন বলেন, রাতের বেলা আমি ওই দিক দিয়ে আসছিলাম। তখন সেখানে কয়েকজন লোকজনকে দেখতে পাই। তারা কোনো কাজ করছিল, তবে কার্পেটিংয়ের কাজ হচ্ছিল কি না সে বিষয়ে জানিনা । পরে লোকমুখে শুনেছি কাজের মান নাকি খুব খারাপ হয়েছে । যদি কাজে কোনো ত্রুটি থেকে থাকে, তাহলে সংশ্লিষ্টদের পুনরায় যাচাই করে মানসম্মতভাবে কাজ শেষ করা।
অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সোহেল রানা সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার ফোন বক্তব্য পাওয়া যায়নি।
তবে এলাকাবাসী দ্রুত তদন্তের মাধ্যমে কাজের গুণগত মান যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এবিষয়ে পীরগঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী মাইনুল ইসলাম বলেন, রাতে কার্পেটিংয়ের বিষয়টি আমি জানি না। তবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। রাতের বেলা এ ধরনের কাজ করার নিয়ম নেই। বিধিবহির্ভূতভাবে কাজ করে থাকলে পুনরায় আবার কার্পেটিং করে নেওয়া হবে। প্রয়োজনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৮:১৬   ১৬ বার পঠিত  |      

----