ঢাকা    বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১৭ জুন ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় ৩০ ফুটের ‘ব্রাজিল গেট’ দেখতে ভীড়

কলাপাড়ায় ৩০ ফুটের ‘ব্রাজিল গেট’ দেখতে ভীড়


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ১৭ জুন ২০২৬


 কলাপাড়ায় ৩০ ফুটের ‘ব্রাজিল গেট’ দেখতে ভীড়

পটুয়াখালী: ফুটবল বিশ্বকাপকে ঘিরে সারাদেশের মতো পটুয়াখালীর কলাপাড়াতেও বইছে উৎসবের আমেজ। প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে বিভিন্ন স্থানে টানানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও পতাকা। তবে সব আয়োজনকে ছাপিয়ে এবার আলোচনায় এসেছে কলাপাড়া শহরের প্রবেশমুখে নির্মাণ করা ব্যতিক্রমী ‘ব্রাজিল গেট’। যা ইতোমধ্যে ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন শহরের প্রবেশদ্বারে ব্রাজিল সমর্থকরা প্রায় ৩০ ফুট দৈর্ঘ্য ও ২৫ ফুট প্রস্থের একটি বিশাল গেট নির্মাণ করেছেন। সবুজ ও হলুদ রঙের কাপড়ের সমন্বয়ে তৈরি গেটটির শীর্ষে শোভা পাচ্ছে ব্রাজিল ও বাংলাদেশের জাতীয় পতাকা। দূর থেকেই গেটটির আকর্ষণীয় সাজসজ্জা নজর কাড়ছে পথচারী ও দর্শনার্থীদের।
আয়োজকরা জানান, বিশ্বকাপে ব্রাজিল দলের প্রতি সমর্থন প্রকাশের পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের বার্তা ছড়িয়ে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। গেটটি এখন স্থানীয়দের কাছে একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। প্রতিদিনই অসংখ্য মানুষ এখানে এসে ছবি তুলছেন এবং বিশ্বকাপের আনন্দ ভাগাভাগি করছেন।
স্থানীয় ইমরান ফরাজি বলেন, ‘বিশ্বকাপ ফুটবল এলেই কলাপাড়ায় উৎসবের আমেজ তৈরি হয়। তবে এবার ব্রাজিল সমর্থকদের নির্মাণ করা এই বিশাল গেটটি সবার দৃষ্টি কেড়েছে। এটি শুধু সমর্থনের প্রতীক নয়, বরং এলাকার সৌন্দর্যও বৃদ্ধি করেছে। প্রতিদিন অনেক মানুষ এখানে এসে ছবি তুলছেন এবং গেটটি দেখতে ভিড় করছেন।

সমর্থক ফরিদ উদ্দিন বিপু বলেন, ‘ফুটবল মানুষের মধ্যে সম্প্রীতি ও আনন্দের বার্তা ছড়িয়ে দেয়। নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করা এবং মাদক থেকে দূরে রাখতে এই ব্যতিক্রমী ব্রাজিল গেট নির্মাণ করেছি। বিশ্বকাপে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি সমাজের জন্য ইতিবাচক একটি বার্তা পৌঁছে দেওয়াই মূল উদ্দেশ্য।’

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৯:১২   ৩০ বার পঠিত  |      

----