![]()
পিরোজপুর: কাউখালীতে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম থাকায় দিনে ও রাতে পাঁচ থেকে ছয়বার বিদ্যুৎ বিচ্ছিন্ন হচ্ছে। প্রচণ্ড গরমের মধ্যে বারবার লোডশেডিংয়ে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বিশেষ করে শিক্ষার্থী, ব্যবসায়ী ও কর্মজীবী মানুষের ভোগান্তি বেড়েছে বহুগুণ।
স্থানীয়দের অভিযোগ, দিনের পাশাপাশি সন্ধ্যা ও রাতের বেলায়ও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধবার্ষিক এবং সাময়িক পরীক্ষার প্রস্তুতিতে শিক্ষার্থীরা চরম সমস্যার সম্মুখীন হচ্ছে। অন্যদিকে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে।
এইচএসসি পরীক্ষার্থী মানসুরা আক্তার বলেন, সন্ধ্যার পর পড়তে বসলেই বিদ্যুৎ চলে যায়। সামনে এইচএসসি পরীক্ষা, কিন্তু নিয়মিত পড়াশোনা করতে পারছি না। গরমে পড়াশোনায় মনোযোগও ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।
অভিভাবক মাহফুজুর রহমান বলেন, সন্তানদের লেখাপড়া নিয়ে আমরা খুব চিন্তিত। বিদ্যুৎ এর লোডশেডিং এর কারণে শিক্ষার্থীরা ঠিকমতো ঘুমাতে পারে না, আবার পড়াশোনাও ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতির দ্রুত সমাধান দরকার।
স্থানীয় ব্যবসায়ী মোঃ তাইজুল ইসলাম বলেন, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ব্যবসায় বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছি। ফ্রিজ ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ঠিকমতো চালানো যাচ্ছে না।
বিশ্বকাপ ফুটবল উপভোগ করতেও দর্শকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। গুরুত্বপূর্ণ ম্যাচ চলাকালে বিদ্যুৎ চলে যাওয়ায় খেলাপ্রেমীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
এ বিষয়ে কাউখালী উপজেলা পল্লী বিদ্যুতের ইনচার্জ কামাল হোসেন বলেন, জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন সংকটের কারণে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ফলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী লোডশেডিং দিতে হচ্ছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং আশা করছি খুব শিগগিরই সমস্যার সমাধান হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:১০:২০ ৯ বার পঠিত | ● কাউখালী ● বিদ্যুত ● লোডশেডিং
----