![]()
ফরিদপুর: অন্য শিশুদের মতো দৌড়ঝাঁপ, খেলাধুলা কিংবা স্বাভাবিক শৈশব কাটানোর সুযোগ হয়নি ছয় বছর বয়সী মিনহাজের। জন্মের মাত্র ছয় মাস বয়স থেকেই খাদ্যনালী ও পেটের জটিল রোগে আক্রান্ত হয়ে প্রতিনিয়ত যন্ত্রণার সঙ্গে লড়াই করছে ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর গ্রামের এই শিশু।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ ছয় বছর ধরে বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হলেও এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি মিনহাজ। রোগের কারণে সে স্বাভাবিকভাবে মলত্যাগ করতে পারে না। প্রতিবারই ওষুধের মাধ্যমে কৃত্রিম উপায়ে মলত্যাগ করাতে হয়, যা তার জন্য অত্যন্ত কষ্টকর ও যন্ত্রণাদায়ক। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার শারীরিক জটিলতাও বেড়ে চলেছে।
দীর্ঘদিন ধরে শিশু বিশেষজ্ঞ ডা. এসি পালের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। সম্প্রতি শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় চিকিৎসকেরা দ্রুত তাকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা ও জরুরি অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন।
চিকিৎসকদের ভাষ্যমতে, সময়মতো অস্ত্রোপচার করা গেলে মিনহাজ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তবে সেই চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় আড়াই লাখ টাকা।
মিনহাজের বাবা জাকির খা একজন টিউবওয়েল মিস্ত্রি। দিন আনি দিন খাই ধরনের এই পরিবারের পক্ষে সন্তানের চিকিৎসার বিপুল ব্যয় বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সংসারের নিত্যপ্রয়োজন মেটাতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে চিকিৎসার জন্য এত বড় অঙ্কের অর্থ জোগাড় করা তাদের জন্য দুঃস্বপ্নের মতো।
সন্তানের ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠায় দিন কাটছে মা আলেয়া বেগমের। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার সন্তান জন্মের পর থেকেই কষ্ট পাচ্ছে। দ্রুত অপারেশন করানো না গেলে তার অবস্থা আরও জটিল হয়ে যেতে পারে। আমি সমাজের বিত্তবান, প্রবাসী ও সহৃদয় মানুষের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি। সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমার সন্তান নতুন জীবন ফিরে পেতে পারে।
এন, আর
বাংলাদেশ সময়: ১৯:২৭:৪৭ ১২ বার পঠিত | ● চিকিৎসা ● শিশু মিনহাজের ● সালথা
----