ঢাকা    বুধবার, ৫ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২০ জুন ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করে কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করে কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ২০ জুন ২০২৬


 ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করে কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক

পটুয়াখালী:ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় পটুয়াখালীতে ঘটেছে ব্যতিক্রমী এক ঘটনা। ফেসবুক লাইভে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় ব্রাজিলের জয়ের পর নিজের মাথা ন্যাড়া করলেন এক আর্জেন্টিনা সমর্থক। জানা গেছে, পটুয়াখালী শহরের বাসিন্দা কাজী রাফি শুক্রবার (১৯ জুন) ফেসবুক লাইভে ঘোষণা দেন, ব্রাজিল যদি হাইতির বিপক্ষে ম্যাচে জয়লাভ করে তাহলে তিনি নিজের মাথা ন্যাড়া করবেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ফুটবল প্রেমীদের মধ্যেও আলোচনা শুরু হয়।
ম্যাচে ব্রাজিল জয় পাওয়ার পর শনিবার (২০ জুন) পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকার ব্রাজিল সমর্থকরা রাফির বাসায় যান। পরে তিনি স্বেচ্ছায় বাসা থেকে বের হয়ে শহরের ঝাউবন এলাকায় আসেন। সেখানে উপস্থিত ব্রাজিল সমর্থকদের মধ্যেই তার মাথা ন্যাড়া করা হয়। এসময় ঘটনাটি ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে দেন।
উপস্থিত ব্রাজিল সমর্থক আল আমিন হাওলাদার বলেন, গতকাল ফেসবুক লাইভে রাফি বলেছিল, ব্রাজিল জিতলে সে মাথা ন্যাড়া করবে। আজ সেই কথা অনুযায়ী ঝাউবন এলাকায় এসে তার মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে। সে কথা দিয়ে কথা রেখেছে। মাথা ন্যাড়া করার পর কাজী রাফি বলেন, ‘আমি ফেসবুক লাইভে কথা দিয়েছিলাম, ব্রাজিল জিতলে মাথা ন্যাড়া করবো। ব্রাজিল জিতেছে, তাই আমি আমার প্রতিশ্রুতি রেখেছি।’
স্হানীয়রা জানান, ফুটবলকে ঘিরে এমন ব্যতিক্রমী ঘটনা এলাকায় বেশ আনন্দ ও কৌতূহলের সৃষ্টি করেছে। প্রিয় দলকে কেন্দ্র করে সমর্থকদের বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা এবং খেলার প্রতি ভালোবাসা একটি মজার উদাহরণ হয়ে উঠেছে ঘটনাটি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪০:১৪   ৮৫ বার পঠিত  |