ঢাকা    রবিবার, ২১ জুন ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২০ জুন ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » বৈষম্যহীন সমাজ বিনির্মাণে একযোগে কাজ করতে হবে: মাসুদ সাঈদী

বৈষম্যহীন সমাজ বিনির্মাণে একযোগে কাজ করতে হবে: মাসুদ সাঈদী


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: শনিবার, ২০ জুন ২০২৬


বৈষম্যহীন সমাজ বিনির্মাণে একযোগে কাজ করতে হবে: মাসুদ সাঈদী

পিরোজপুর-১ আসন: সংসদ সদস্য মাসুদ সাঈদী এমপি বলেছেন, “বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে। শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।”

শনিবার (২০ জুন) সরকারি ইন্দুরকানী কলেজ, জিয়ানগর, পিরোজপুরের আয়োজনে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সরকারি ইন্দুরকানী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জিত কুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা নির্বাহী অফিসার হাসান মোঃ হাফিজুর রহমান এবং জিয়ানগর থানার অফিসার ইন-চার্জ মোঃ মহব্বত খান।

মাসুদ সাঈদী এমপি বলেন, “শিক্ষার্থীদের কেবল পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড তাদের প্রতিভা বিকাশ, নেতৃত্বের গুণাবলি অর্জন এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশ ও জাতির কল্যাণে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করতে হবে।”

তিনি আরও বলেন, “সমাজে বিদ্যমান বৈষম্য, অন্যায় ও অবক্ষয় দূর করতে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও নৈতিক শিক্ষার মাধ্যমে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” অনুষ্ঠানে অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৯:৩৯   ১২ বার পঠিত  |   

----