![]()
পিরোজপুর: কাউখালীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কৃষকদের মাঝে নারকেল গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ জুন) বেলা সাড়ে বারোটায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির।
উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে উপজেলার ৪২০ জন কৃষকের মাঝে মোট ২ হাজার ১০০টি নারকেল গাছের চারা বিতরণ করা হয়। প্রতিটি কৃষককে ৫টি করে নারকেল চারা, প্রতিটি চারার জন্য ৩০ কেজি গোবর সার এবং বাঁশের কঞ্চি প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, সরকার কৃষির উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে বিভিন্ন সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে। নারকেল চারা বিতরণের মাধ্যমে একদিকে যেমন কৃষকের আয় বৃদ্ধি পাবে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষকদের উচিত এসব চারা সঠিকভাবে রোপণ ও পরিচর্যা করা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আব্দুল্লাহ আল মামুন বলেন,বর্তমান সরকার কৃষিকে লাভজনক ও টেকসই করতে নিরলসভাবে কাজ করছে। উন্নত জাতের চারা ও কৃষি উপকরণ বিতরণের মাধ্যমে কৃষকদের উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব হবে। কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি বৃক্ষরোপণেও আরও বেশি উৎসাহিত হতে হবে।
উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস বলেন,কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলার কৃষকদের মাঝে মানসম্মত নারকেল চারা বিতরণ করা হয়েছে। এর সঙ্গে গোবর সার ও বাঁশের কঞ্চি প্রদান করা হয়েছে যাতে চারা রোপণের পর সঠিকভাবে বেড়ে উঠতে পারে। ভবিষ্যতেও কৃষকদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে নারকেল গাছের চারা, গোবর সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ০:৩২:১৩ ৬ বার পঠিত | ● কাউখালী ● চারা ● বিতরন