ঢাকা    শনিবার, ২৭ জুন ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » সালথায় হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

সালথায় হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬


সালথায় হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
ফরিদপুর: সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের কুমারকান্দা গ্রামের একটি সড়ক থেকে হাত-পা বিচ্ছিন্ন এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্নসহ পান্নু ফকির ওরফে জামু ফকির (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত পান্নু ফকির কুমারকান্দা গ্রামের রহমান ফকিরের ছেলে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার কুমারকান্দা এলাকার একটি সড়কের ওপর মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে জামু ফকির একটি জমিজমা-সংক্রান্ত সালিশ বৈঠকে অংশ নিয়েছিলেন। সালিশ শেষে বাড়ি ফেরার পথে তিনি দুর্বৃত্তদের হামলার শিকার হন বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, রাস্তার পাশের একটি পাটক্ষেতে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। পরে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে হত্যাকারীরা মরদেহটি সড়কের ওপর ফেলে রেখে যায়।

স্থানীয়দের মতে, বুধবার গভীর রাতের কোনো এক সময়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। সকালে পথচারীরা মরদেহ দেখতে পেয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি পাটক্ষেতে হত্যার পর মরদেহটি সড়কের ওপর ফেলে রাখা হয়েছে। নিহত ব্যক্তি বুধবার রাতে জমিজমা-সংক্রান্ত একটি সালিশ থেকে বাড়ি ফিরছিলেন। তার শরীরে গুরুতর আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের পেছনে জমিজমা-সংক্রান্ত বিরোধের বিষয়টি গুরুত্বের
সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, হত্যার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। এ লক্ষ্যে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৫:১৬   ৩০ বার পঠিত  |