ঢাকা    শনিবার, ২৭ জুন ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে অবহিতকরণ সভা

পটুয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে অবহিতকরণ সভা


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬


 পটুয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে অবহিতকরণ সভা

পটুয়াখালী: সারাদেশের সঙ্গে সঙ্গতি রেখে আগামী ২৮ জুন পটুয়াখালীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলের লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে এক অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জানানো হয়, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের একটি এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের একটি ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার বিভিন্ন টিকাদান ও স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে।
জেলা সিভিল সার্জন খালেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শহীদ উদ্দীন চৌধুরী। জেলা সিভিল সার্জন বলেন, পটুয়াখালী জেলায় ৬-১১ মাস ২৭ হাজার ৭৬২ শিশু ভিটামিন এ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ২৫ হাজার ৯৯৬ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।তিনি আরো বলেন, জেলায় অস্থায়ী কেন্দ্র রয়েছে ১৮২১টি। আর স্থায়ী ০৮ টি কেন্দ্র রয়েছে।
বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুর দৃষ্টিশক্তি সংরক্ষণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য নির্ধারিত দিনে অভিভাবকদের তাদের সন্তানদের নিকটস্থ ক্যাম্প কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আবু ইউসুফসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
এ সময় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শতভাগ সফল বাস্তবায়নে গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি শিশুদের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০২:৩১   ৩৯ বার পঠিত  |