![]()
কুষ্টিয়া: ভেড়ামারা প্রেসক্লাবে ২৬ জুন শুক্রবার বিকেলে স্থানীয় কর্মরত সাংবাদিকদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।
মতবিনিময় সভায় যোগদানের পাশাপাশি তিনি সম্প্রতি চিকিৎসাধীন ও আহত হওয়া স্থানীয় সাংবাদিক চন্দনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই সভায় উপস্থিত সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে দেশের সমসাময়িক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ আলোচনা সম্পন্ন হয়।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, “দেশের চলমান পরিস্থিতিতে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত জরুরি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমেই সমাজের প্রকৃত চিত্র এবং এলাকার সমস্যাগুলো ফুটিয়ে তোলা সম্ভব।” তিনি স্থানীয় সাংবাদিকদের সাহসিকতার সাথে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাহাজান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুজ্জামান জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এস আল হোসাইন সোহাগ এবং পৌর যুবদলের আহবায়ক জিন্নাহ আলী। অনুষ্ঠানে ভেড়ামারা প্রেসক্লাবের স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:৪৮:৩১ ৬ বার পঠিত | ● প্রেসক্লাব ● ভেড়ামারা ● মতবিনিময়