![]()
পিরোজপুর: কাউখালীতে থানা পুলিশের উদ্যোগে উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চুরি-ডাকাতি, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে পৃথক পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সদর ইউনিয়নের নাঙ্গলী, আয়রন জাপোষী ও জয়কুল গ্রামে আয়োজিত এসব মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আজম আলী খান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন। তিনি বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুরি, ডাকাতি, মাদক, বাল্যবিবাহ কিংবা যেকোনো অপরাধ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোথাও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে তা দ্রুত পুলিশকে জানাবেন। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। মাদকমুক্ত, বাল্যবিবাহমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে কাউখালী থানা পুলিশ সর্বদা জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
মতবিনিময় সভায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সুধীজন বক্তব্য রাখেন।
এছাড়াও বক্তব্য দেন, কাউখালী থানার এসআই মোঃ মহিউদ্দিন, এসআই দীপক বালা ও এএসআই হাসান। বক্তারা আইন-শৃঙ্খলা রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, অপরাধ দমনে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং পুলিশের সঙ্গে জনগণের সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে উপস্থিত এলাকাবাসী নিজ নিজ এলাকায় অপরাধ প্রতিরোধ, মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং বাল্যবিবাহ রোধে সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:১৪:১৯ ১২ বার পঠিত | ● কাউখালী ● পুলিশ ● মতবিনিময় ● সভা