![]()
পটুয়াখালী: জেলার বাউফলে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো. মুসা (৪৯) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর বড় সেতুর উত্তর পাশে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ মুসা অগ্রণী বিদ্যাপীঠ নুরাইনপুর মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এশার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যাওয়ার পথে একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাঈম সাকিব জানান, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে শিক্ষক মুসার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। আজ এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৪৫:৫৩ ৪৫ বার পঠিত | ● নিহত ● বাউফল ● স্কুল শিক্ষক ● সড়ক দুর্ঘটনা