![]()
পিরোজপুর: কাউখালী ও নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের লক্ষ্যে বহুল প্রত্যাশিত আমরাজুড়ি সেতু নির্মাণের উদ্যোগে নতুন গতি এসেছে। শনিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোঃ আবদুর রউফের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কাউখালীর আমরাজুড়ি ফেরিঘাট সংলগ্ন সন্ধ্যা নদীর মোহনা ও গাবখান চ্যানেল এলাকায় সম্ভাব্য সেতু নির্মাণস্থল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রতিনিধি দল নদীর নাব্যতা, ভৌগোলিক অবস্থা, সংযোগ সড়কের সম্ভাবনা এবং সেতু নির্মাণের কারিগরি বিভিন্ন দিক সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক,কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সাবেক সাধারণ সম্পাদক সাফিউল আজম দুলালসহ উপজেলা বিএনপির নেতাকর্মী এবং সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোঃ আবদুর রউফ
বলেন,আমরাজুড়ি সেতু নির্মাণের সম্ভাব্যতা ও কারিগরি বিষয়গুলো আমরা সরেজমিনে পরিদর্শন করেছি। সংশ্লিষ্ট প্রকৌশলীরা সব তথ্য সংগ্রহ করছেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সম্ভাব্যতা যাচাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই সেতু নির্মিত হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে এবং মানুষের জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, কাউখালীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা এই আমরাজুড়ি সেতু। সেতু বিভাগের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সরেজমিনে পরিদর্শনে আসায় আমরা আশাবাদী। সেতুটি বাস্তবায়িত হলে কাউখালী ও নেছারাবাদের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে, যাতায়াতের সময় ও ব্যয় কমবে এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, “আমরাজুড়ি সেতু কাউখালী ও নেছারাবাদের লাখো মানুষের প্রাণের দাবি। দীর্ঘদিন ধরে এলাকাবাসী এই সেতুর অপেক্ষায় রয়েছে। আজকের এই পরিদর্শন আমাদের নতুন আশা জাগিয়েছে। আমরা চাই দ্রুত সম্ভাব্যতা যাচাই শেষ করে প্রকল্প অনুমোদন ও নির্মাণকাজ শুরু হোক। এই সেতু বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, কৃষি ও পর্যটনের ব্যাপক উন্নয়ন ঘটবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৪৯:৫৫ ৮ বার পঠিত | ● কাউখালী ● সেতু নির্মাণ ● স্থান পরিদর্শন