ঢাকা    মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের উদ্যোগে ৩০০ গাছের চারা রোপণ

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের উদ্যোগে ৩০০ গাছের চারা রোপণ


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই ২০২৬


 আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের উদ্যোগে ৩০০ গাছের চারা রোপণ

ফরিদপুর: পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাস। রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৬৪, বাংলাদেশের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করে রোটারি কমিউনিটি কর্প (আরসিসি) অব আলফাডাঙ্গা, ফরিদপুর।
সোমবার (১৩ জুলাই) সকাল ৯টায় উপজেলার মারকাযুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা, নওয়াপাড়া এবং চরকুচিয়াগ্রাম পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে পৃথকভাবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির মোট ৩০০টি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি কমিউনিটি কর্প (আরসিসি) আলফাডাঙ্গা শাখার সভাপতি সৈয়দ নাঈম আলি, বিশিষ্ট সমাজসেবক মো. দেলোয়ার হোসেন (টলিন), বর্তমান ইউপি সদস্য মো. মকিবুল হাছান (মক্কা), সাবেক ইউপি সদস্য মো. আব্বাস উদ্দিন শেখ, মারকাযুল কুরআন মাদ্রাসার মোহতামিম হাফেজ ইসমাঈল, মো. আশরাফ মিয়া, মো. আরল হোসেন, মো. শব্বির মিয়া, মো. রিপন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় রোটারি কমিউনিটি কর্প (আরসিসি) আলফাডাঙ্গা শাখার সভাপতি সৈয়দ নাঈম আলি বলেন, “গাছ আমাদের জীবনের অপরিহার্য অংশ। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রোটারির ‘Create Lasting Impact’ প্রতিপাদ্যকে ধারণ করে আমরা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছি। প্রত্যেকে যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব গ্রহণ করি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “রোটারি শুধু সেবামূলক সংগঠন নয়, এটি মানুষের কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অনুষ্ঠান শেষে রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪২:১২   ১৪ বার পঠিত  |