![]()
পটুয়াখালী: কলাপাড়ায় একটি বসতবাড়ির আঙিনা থেকে প্রায় ৪ ফুট লম্বা একটি বিষধর পদ্ম গোখরা (Monocled Cobra) জীবিত উদ্ধার করে গঙ্গামতির সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার,২১ জুলাই বিকেলে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বাওয়া) উদ্যোগে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন, কুয়াকাটা (উপরা) এবং অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী টিমের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে সাপটি উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ একটি বিষধর পদ্ম গোখরা বসতবাড়ির আঙিনায় দেখা দিলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে উদ্ধারকারী দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে সাপটিকে জীবিত উদ্ধার করেন। এ সময় উদ্ধার অভিযান দেখতে উৎসুক মানুষের ভিড় জমলেও সবাইকে নিরাপদ দূরত্বে রাখা হয়।
বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বাওয়া) কুয়াকাটা টিমের সদস্য কেএম বাচ্চু বলেন, লোকালয়ে কোনো বন্যপ্রাণী চলে এলে আতঙ্কিত হয়ে সেটিকে হত্যা না করে বন বিভাগ বা প্রশিক্ষণপ্রাপ্ত উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করা উচিত। প্রতিটি বন্যপ্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কুয়াকাটার (উপরা) যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, মানুষের সচেতনতা বাড়লে বন্যপ্রাণী হত্যা অনেকাংশে কমে আসবে। আমরা দীর্ঘদিন ধরে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী টিমের সদস্য রাকায়েত আহসান বলেন, উদ্ধার অভিযানের পুরো সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। পরে সাপটিকে তার স্বাভাবিক আবাসস্থল গঙ্গামতির সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়, যাতে এটি নিরাপদ পরিবেশে বেঁচে থাকতে পারে।
েমহিপুর থানা রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী সাপসহ সব বন্যপ্রাণী সংরক্ষিত। তাই লোকালয়ে কোনো বন্যপ্রাণী দেখা গেলে সেটিকে হত্যা না করে বন বিভাগ অথবা প্রশিক্ষণপ্রাপ্ত উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৬:০৬:০১ ৪১ বার পঠিত | ● উদ্ধার ● গোখরা ● পদ্ম ● সাপ