![]()
ফরিদপুর: প্রবাসে দীর্ঘদিনের পেশাদার সাংবাদিকতা, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গণমাধ্যমের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং বাংলাদেশ প্রেসক্লাব ইউএই-এর সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়ার স্বীকৃতিস্বরূপ এনটিভির সংযুক্ত আরব আমিরাতের বিশেষ প্রতিনিধি ও ‘বাংলা এক্সপ্রেস’-এর নির্বাহী সম্পাদক মামুনুর রশীদকে বর্ণাঢ্য সংবর্ধনা দিয়েছে আলফাডাঙ্গা প্রেসক্লাব।
রোববার (২৬ জুলাই) সকালে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে ফরিক এনায়েত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো, ইকবাল হোসেনের পরিচালনায় সকল সদস্যদের উপস্থিতিতে আলফাডাঙ্গার কৃতি সন্তান মামুনুর রশীদকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। মামুনুর রশীদ আলফাডাঙ্গা প্রেসক্লাবের প্রচার সম্পাদক হারুনুর রশীদের বড় ছেলে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দীর্ঘদিন সাংবাদিকতা করে আন্তর্জাতিক পরিমণ্ডলে ল দেশ ও এলাকার সুনাম বৃদ্ধি করেছেন মামুনুর রশীদ। প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের নানা সমস্যা, সম্ভাবনা ও সাফল্য তুলে ধরতে তাঁর ভূমিকা প্রশংসনীয়। সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সংযুক্ত আরব আমিরাত সরকার তাঁকে সম্মানজনক ‘গোল্ডেন ভিসা’ প্রদান করেছে, যা তাঁর পেশাগত সাফল্য ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার অনন্য প্রমান। সম্প্রতি বাংলাদেশ প্রেসক্লাব ইউএই-এর সভাপতি পদে তাঁর পুনর্নির্বাচন প্রমাণ করে, মেধা ও নেতৃত্বের গুণে প্রবাসী সাংবাদিকরা বিদেশের মাটিতেও নিজস্ব অবস্থান সুদৃঢ় করতে সক্ষম।
সংবর্ধনা অনুষ্ঠানে মামুনুর রশীদ আলফাডাঙ্গা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও উপস্থিত সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “জন্মভূমির মানুষের ভালোবাসা ও সম্মান একজন মানুষের জীবনে সবচেয়ে বড় অর্জন। আলফাডাঙ্গা প্রেসক্লাবের এই সম্মাননা ভবিষ্যতে আরও দায়িত্বশীলতার সঙ্গে দেশ ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।”
আলফাডাঙ্গা প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, যারা কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করে আলফাডাঙ্গা তথা ফরিদপুর জেলার সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে দিচ্ছেন, তাঁদের সম্মানিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতেও জেলার কৃতি সন্তানদের মূল্যায়নে প্রেসক্লাবের এমন সামাজিক ও গুণীজন সংবর্ধনা কার্যক্রম অব্যাহত থাকবে। আন্তরিকতা, সম্মান ও গর্বের আবহে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানটি ছিল বেশ প্রাণবন্ত ও উৎসবমুখর।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৪৬:২০ ৩১ বার পঠিত | ● আলফাডাঙ্গা ● ইউএইর ● সংবর্ধনা ● সভাপতি