![]()
পাবনা: ভাঙ্গুড়া উপজেলার খ্যাতিসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ২৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পদক ও সনদ তুলে দেন।
মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও অতিথিরা শিক্ষার্থীদের সাফল্যে বিদ্যালয়ের সকলেই আনন্দ প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সেকেন্দার আলী, শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ অধ্যাপক মাহবুব উল আলম বাবলু, প্রধান শিক্ষক হাবিবা খন্দকার ইভা, ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ছাইদুল ইসলাম বুরুজ, ভাঙ্গুড়া পৌর জামায়াতের সভাপতি গোলাম মোস্তফা বাবলু, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধি।
ভাঙ্গুড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গত ১২ জুলাই প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফল প্রকাশিত হয়। ফলাফলে শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৮ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। এর মধ্যে ১২ জন ট্যালেন্টপুল এবং ১৬ জন সাধারণ বৃত্তি অর্জন করে। উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ভাঙ্গুড়া উপজেলায় প্রথম স্থান অর্জন করে বিদ্যালয়টি।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রধান শিক্ষক হাবিবা খন্দকার ইভা বলেন, ‘এ অর্জন বিদ্যালয়, অভিভাবক এবং সমগ্র ভাঙ্গুড়া উপজেলাবাসীর জন্য গর্বের। ভবিষ্যতেও এ শিক্ষা প্রতিষ্ঠান আরও মেধাবী শিক্ষার্থী গড়ে তুলে জেলার শিক্ষা অঙ্গনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে, ইনশাআল্লাহ।’
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলু বলেন, ‘আমাদের লক্ষ্য পরীক্ষায় ভালো ফল অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা।’
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আরিফুজ্জামান বলেন, ‘ভাঙ্গুড়া উপজেলার একটি বিদ্যালয় থেকে একসঙ্গে ২৮ জন শিক্ষার্থীর বৃত্তি অর্জন নিঃসন্দেহে গৌরবের এবং অনুকরণীয় সাফল্য। এ অর্জনের পেছনে বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের ত্যাগ এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম সমানভাবে ভূমিকা রেখেছে।’
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:২৯:৩৮ ৬ বার পঠিত | ● চাটমোহর ● ভাঙ্গুড়া ● শিক্ষার্থী ● সংবর্ধনা