![]()
পটুয়াখালী: হাজিরহাট এলাকার মাদক কারবারি, চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও হানিট্র্যাপ চক্রের মূলহোতা আজাহার উদ্দিন খানের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সচেতন নাগরিকদের আয়োজনে হাজিরহাট বাজারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে এলাকার পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন আদাবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শাহীন রেজা, ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, হাজিরহাট বহুমুখী ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ রফিক শিকদার ও সাধারণ সম্পাদক মাহবুল আলম বিপ্লব।
সমাবেশে বক্তারা বলেন, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আজহার উদ্দিন ও তাঁর ছেলে ছাত্রলীগ সমর্থক রাজু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। মাদক ব্যবসার মাধ্যমে তাঁরা এলাকার যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন। এ ছাড়া হানিট্র্যাপ চক্রের ফাঁদে ফেলে এলাকার বিভিন্ন লোককে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন তাঁরা। পুলিশ তাঁদের গ্রেপ্তার করলেও অদৃশ্য ক্ষমতাবলে জেল থেকে বেরিয়ে আসেন।
বক্তারা আরও উল্লেখ করেন, এসব মাদক কারবারি, চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও হানিট্র্যাপ চক্রের হোতাদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধন শেষে স্থানীয় বাসিন্দারা ঝাড়ুহাতে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি হাজিরহাট থেকে শুরু হয়ে কাশিপুর বাজার প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:১০:৩১ ৮ বার পঠিত | ● পটুয়াখালী ● মানববন্ধন