ঢাকা    রবিবার, ৯ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ৯ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » যাত্রীবেসে চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই,গ্রেপ্তার ২

যাত্রীবেসে চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই,গ্রেপ্তার ২


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ আগস্ট ২০২৬


 যাত্রীবেসে চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই,গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে অটো চালক ওয়ালি উল্লাহ (২০) হত্যার ৩৫ দিন পর এর রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া অটো রিক্মা ও নিহতের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করে পিবিআই। পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ বিপিএম রোববার বিকেলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পিবিআই জানায়, গত ৫ জুলাই অসুস্থ বাবার পরিবর্তে অটোরিক্সা নিয়ে বের হন ওয়ালি উল্লাহ। এরপর রাত গভীর হলেও তিনি আর বাড়ি ফেরেননি এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

পরদিন সকাল থেকে বিভিন্ন এলাকায় মাইকিং করে তার সন্ধান চালাচ্ছিলেন। এ ঘটনায় সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। পরে ওই দিনবিকেলে আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের জাঙালিয়া এলাকার একটি নির্জন স্থান থেকে ওয়ালি উল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।

এ ঘটনায় নিহতের বাবা হারুন অর রশিদ অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জনকে আসামি করে হত্যা মামলা করেন।

মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির ব্যবহার, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য এবং বিভিন্ন রুটের তথ্য যাচাই করে আসামিদের শনাক্ত করা হয়। পরে গত ২ আগস্ট সোনারগাঁ এলাকা থেকে আওলাদ হোসেন (২৬) ও শাহিন মিয়া (৩১) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

পিবিআই জানায়, আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৬ আগস্ট শাহিনের বাড়ি থেকে নিহতের ব্যবহৃত একটি মোবাইল ফোন ও সিম উদ্ধার করা হয়। পরদিন মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচর এলাকা থেকে ছিনতাই হওয়া অটোরিক্সাটিও উদ্ধার করা হয়।

তদন্তে উঠে এসেছে, গ্রেপ্তার দুই আসামিসহ চার থেকে পাঁচজনের একটি সংঘবদ্ধ চক্র এ হত্যাকাণ্ডে জড়িত। তারা বারদী অটোস্ট্যান্ড থেকে পরিকল্পিতভাবে একটি অটোরিক্সা ভাড়া করে আড়াইহাজারের সুলতানশাদী বাজারের দিকে যায়। ফেরার পথে জাঙালিয়া গ্রুপদী গ্রামের নির্জন এলাকায় চালক ওয়ালি উল্লাহকে ছুরিকাঘাতে হত্যা করে অটোরিক্সাটি ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে ছিনতাই করা অটোরিক্সাটি মুন্সীগঞ্জের ভবেরচর এলাকায় বিক্রি করে দেওয়া হয় বলে জানিয়েছে পিবিআই। পাঁচ দিনের রিমান্ড শেষে গত ৮ আগস্ট আসামি শাহিনকে আদালতে হাজির করা হয়। এ সময় তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।

পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ বলেন, তথ্যপ্রযুক্তি, সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা তথ্য এবং ধারাবাহিক তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৩:২৮   ২০ বার পঠিত  |