ঢাকা রবিবার, ৯ আগস্ট ২০২৬
শিরোনাম
![]()
পটুয়াখালী: দশমিনা উপজেলায় একটি বিল থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বেলা ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কাটাখালী এলাকায় তেঁতুলিয়া নদীতীরবর্তী বিলে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে নৌপুলিশ মরদেহটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন দশমিনা নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ছিদ্দিক।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কেদিরহাটের তেঁতুলিয়া নদীর তীরবর্তী কলাবাড়ি এলাকা দিয়ে এক যুবক নদী সাঁতরে এপারে আসার সময় পানিতে ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে উপজেলা প্রশাসন, নৌপুলিশ, দশমিনা থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়েও ওই যুবকের সন্ধান পাওয়া যায়নি।
এদিকে, আজ বেলা ১টার দিকে তেঁতুলিয়া নদীর তীরবর্তী কাটাখালী এলাকায় একটি বিলের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে।
দশমিনা নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ছিদ্দিক বলেন, রোববার দুপুরে কাটাখালী এলাকা থেকে একজন যুবকের মরদেহ বিলের মধ্যে পড়ে থাকার খবর পাওয়া যায়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি শুক্রবার নদীতে নিখোঁজ হওয়া ওই যুবকের কি না, তা নিশ্চিত করতে পরিচয় শনাক্তের কাজ চলছে।
এন/ এন
বাংলাদেশ সময়: ১৯:৫০:৫৯ ১১ বার পঠিত | ● উদ্ধার ● দশমিনা ● পটুয়াখালী ● লাশ