ঢাকা শনিবার, ৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
পটুয়াখালী: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন, জেলা প্রশাসন এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকালে জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটনসহ দলের জ্যেষ্ঠ নেতারা পতাকা উত্তোলন করেন। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ।
দুপুরে জেলা বিএনপির দুটি বলয়ের উদ্যোগে শহরে পৃথক দুটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা দুটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৃথক স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এর মধ্যে পৌর শহরের ঝাউতলা এলাকা থেকে পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী-সমর্থিত মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না মিয়ার নেতৃত্বে বিএনপির একটি অংশ শোভাযাত্রা বের করে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি শেরেবাংলা সড়কের সুরাইয়া ভিলার সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
অন্যদিকে, শহরের পিডিএস ময়দান থেকে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটনের নেতৃত্বে অপর একটি বিশাল শোভাযাত্রা বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি লঞ্চঘাট প্রাঙ্গণে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এ ছাড়া দিবসটির ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরতে বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১৯:৫৬:৩৭ ৩ বার পঠিত | ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ● পটুয়াখালী ● পটুয়াখালী জেলা বিএনপি