ঢাকা শনিবার, ৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
ঝালকাঠি: কাঁঠালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবদল নেতা ইলিয়াস হাওলাদারকে (৩২) কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের কৈখালী বাজারে এ ঘটনা ঘটে। আহত ইলিয়াসকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) ভর্তি করা হয়েছে।
আহত ইলিয়াস হাওলাদার জানান, ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিতে উপজেলা সদরে যাওয়ার উদ্দেশ্যে সকালে কৈখালী বাজারে যান তিনি। সেখানে স্থানীয় ইউপি সদস্য শাহীন খানের সঙ্গে উপজেলা সদরে দলীয় কর্মসূচিতে যাওয়ার গাড়িভাড়া নিয়ে তাঁর তর্ক হয়। এ সময় সেখানে উপস্থিত উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদের নেতৃত্বে শাহীন মেম্বার, তাঁর ভাগনে যুবলীগ নেতা সুমনসহ কয়েকজন তাঁর ওপর হামলা করেন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ইউপি সদস্য শাহীন খান জানান, ইলিয়াস তাঁকে মারার জন্য চাকু নিয়ে এসেছিলেন। পরে বাজারের লোকজন ও দলীয় নেতাকর্মীরা এসে ইলিয়াসকে সরিয়ে দেন।
অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ জানান, বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিতে উপজেলা সদরে যাওয়ার জন্য তিনি কৈখালী বাজারে যান। সেখানে গিয়ে জানতে পারেন, ইলিয়াসের সঙ্গে শাহীন মেম্বারের তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটেছে।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন জানান, তিনি বিষয়টি শুনেছেন। অনুষ্ঠানের পর বিস্তারিত জেনে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।
কাঁঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান জানান, বিষয়টি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ওসির বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে কাঁঠালিয়ায় মানববন্ধন
ঝালকাঠির কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হানের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে কাঁঠালিয়া-রাজাপুর আঞ্চলিক মহাসড়কে থানার সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. জয়নাল আবেদীন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান বাদল, উপজেলা মহিলা দলের নেত্রী সাহেলী পারভীন, নেহার খান, রীমা ফেরদৌস, লাকি বেগম ও সাবিনা ইয়াসমিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রুবেল মোল্লা এবং স্থানীয় সালেহা বেগম, বশির হাওলাদার, রেখা রানী ও শান্ত অধিকারীসহ আরও অনেকে।
বক্তারা বলেন, ওসি আবু নাছের রায়হান একজন ভালো মানুষ। তিনি কাঁঠালিয়ায় যোগদানের পর থেকে চুরি, ডাকাতি, মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে এসেছে। তাই তাঁর বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান তাঁরা।
উল্লেখ্য, গত বুধবার (৪ নভেম্বর) বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ের ৬১৩ নম্বর স্মারকে তাঁকে ভোলা জেলায় বদলির আদেশ দেওয়া হয়। চিঠিতে আদেশটি অবিলম্বে কার্যকর করার কথা উল্লেখ করা হয়েছে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
বাংলাদেশ সময়: ২০:০৯:০২ ৩ বার পঠিত | ● আবু নাছের রায়হান ● ইলিয়াস হাওলাদার ● ওসির বদলি ● কাঁঠালিয়া বিএনপি