ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
রাজধানী: শান্তিবাগ এলাকায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই সাইফুল ইসলাম সাইফ (২৩) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় শান্তিবাগের ১৮৭ নম্বর ২৪ তলা ভবনের নবম তলায় এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম সাইফ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন। স্বজনদের ভাষ্য অনুযায়ী, উচ্চশিক্ষার জন্য তাঁকে অস্ট্রেলিয়ায় পাঠানোর প্রক্রিয়া চলছিল। পাশাপাশি তিনি প্রাইভেট পাইলট হওয়ার প্রশিক্ষণ নিচ্ছিলেন। দুই ভাইয়ের মধ্যে সাইফ ছিলেন বড়।
নিহতের বাবা সিরাজুল ইসলাম জানান, ঘটনার সময় তিনি বাড়ির ছাদে ছিলেন। বাসায় ছিলেন তাঁর দুই ছেলে ও তাদের মা। একপর্যায়ে বাসার ভেতরে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া ও মারামারি শুরু হয়। এ সময় ১৭ বছর বয়সী ছোট ছেলে সাইম বড় ভাই সাইফের গলার নিচে ছুরি দিয়ে আঘাত করে।
পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত সাইফকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্ধ্যা ৭টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে শাহজাহানপুর থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
এন/এস
বাংলাদেশ সময়: ০:২১:৩৫ ১ বার পঠিত | ● ঢাকা ● শান্তিবাগে ভাইয়ের হাতে ভাই খুন ● সাইফুল ইসলাম সাইফ