ঢাকা বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
৭৫ হাজার টাকার শাড়ি নিয়ে মামলা, সেই মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে মামলাটি করেন ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ।
বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তানজিন তিশাকে আদালতে আগামী ২৩ নভেম্বর হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত।’
মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ২৭ নভেম্বর প্রতারণার অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে আদালতে মামলা করেন সানায়া আনাম ওয়াফিকাহ। মামলা দায়েরের পর বিভিন্ন সময় তা প্রত্যাহারের জন্য তাঁকে হুমকি দেন তানজিন তিশা। সানায়া আনামের যেকোনো ধরনের ক্ষতি করারও হুমকি দেওয়া হয়। গত বছরের ৭ নভেম্বর তিশা ফোন করে তাঁকে হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলায় আরও বলা হয়, প্রতারণার অভিযোগে করা মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছিলেন আদালত। তবে তদন্ত কর্মকর্তা পক্ষপাতদুষ্ট হয়ে প্রতিবেদন জমা দেন বলে অভিযোগ করেন বাদী। ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেওয়ার পর রোববার মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডি পুলিশকে নির্দেশ দেন আদালত।
সানায়া আনাম আদালত থেকে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিভিন্ন গণমাধ্যমে তা প্রকাশিত হয়। এতে তানজিন তিশা ক্ষিপ্ত হয়ে বাদীর পল্লবীর বাসায় লোক পাঠিয়ে হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান সানায়া আনাম। মামলা করতে তিনি থানায় গেলেও পুলিশ মামলা না নিয়ে তাঁকে আদালতে যাওয়ার পরামর্শ দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০:৩৮:৩৯ ৬ বার পঠিত | ● তানজিন তিশা ● সানায়া আনাম ওয়াফিকাহ ● হত্যার হুমকির মামলা