ঢাকা বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
গাজীপুর: ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের সময় সৃষ্ট সংকটপূর্ণ পরিস্থিতিতে কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকারমকে (৪৪) গ্রেপ্তার করেছে এসআরবি-১১।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন মেঘনা টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আবু মোকারমের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ থানার উত্তর বরকল গ্রামে। তার বাবার নাম আবু তালেব।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে এসআরবি-১১-এর সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন বাহিনীটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পরদিন ৬ আগস্ট সকালে কারাবন্দীরা সংঘবদ্ধ হয়ে দাঙ্গা-হাঙ্গামা ও অগ্নিসংযোগ শুরু করেন। একপর্যায়ে তারা কারারক্ষীদের জিম্মি করেন। পরে বৈদ্যুতিক পিলার ভেঙে তৈরি মই ব্যবহার করে সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যান। পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে আবু মোকারমও ছিলেন। এ ঘটনায় জেল কর্তৃপক্ষ বাদী হয়ে গাজীপুরের কোনাবাড়ী থানায় একটি মামলা করে।
এসআরবি জানায়, পারিবারিক শত্রুতার জেরে আবু মোকারম ও তার সহযোগীরা তার বোনের চাচি শাশুড়িকে হত্যা করে বাড়ির পাশের ধানখেতে ফেলে রেখেছিলেন। ওই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে ২০১৩ সালের ৯ জুলাই থেকে তিনি গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:১৭:১৯ ৫ বার পঠিত | ● আবু মোকারম ● এসআরবি-১১ ● কারাগার থেকে পলায়ন ● কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগার