ঢাকা বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
জয়পুরহাট: আক্কেলপুরে স্ত্রী পান্না বিবিকে হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলাম শেখ ওরফে লালুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. হাসিবুল হক এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী সৈয়দ মাজহারুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
দণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম শেখ ওরফে লালু আক্কেলপুর উপজেলার গুডুম্বা গ্রামের মৃত আব্দুস ছাত্তার শেখের ছেলে।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালে বগুড়ার আদমদীঘি উপজেলার ঘোড়াদহ মধ্যপাড়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে পান্না বিবির সঙ্গে সিরাজুল ইসলামের বিয়ে হয়। তবে বিয়ের পর তাঁদের কোনো সন্তান না হওয়াকে কেন্দ্র করে প্রায়ই পারিবারিক কলহ ও বাকবিতণ্ডা হতো।
এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ৭ মার্চ রাতে পারিবারিক কলহের একপর্যায়ে সিরাজুল ইসলাম তাঁর স্ত্রী পান্না বিবিকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করার পর গলা কেটে হত্যা করেন বলে মামলায় অভিযোগ করা হয়। খবর পেয়ে পুলিশ পরদিন সকালে ঘটনাস্থল থেকে পান্না বিবির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে আক্কেলপুর থানায় সিরাজুল ইসলামকে আসামি করে হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত এ রায় দেন।
এন/এস
বাংলাদেশ সময়: ২৩:৪৩:৩৭ ৭ বার পঠিত | ● জয়পুরহাট হত্যা মামলা ● পান্না বিবি হত্যা ● সিরাজুল ইসলাম শেখ