ঢাকা বুধবার, ৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
ফরিদপুর: সালথা উপজেলা যুবদলের নবগঠিত কমিটির আহ্বায়ক হাসান আশরাফকে গণসংবর্ধনা দিয়েছেন আটঘর ইউনিয়নের সর্বস্তরের মানুষ। ফুলেল শুভেচ্ছা, ভালোবাসা ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।
বুধবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় আটঘর ইউনিয়নবাসীর উদ্যোগে এ গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ, সদস্যসচিব এনায়েত হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলামকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। কামরুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত না থাকায় তাঁর পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন সালথা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন, ফরিদ হোসেন ও হাবিবুর রহমান (হাবি)। পরে তাঁরা ক্রেস্টটি কামরুল ইসলামের হাতে তুলে দেন।
আটঘর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর মিঠুর সভাপতিত্বে এবং নবগঠিত কমিটির সদস্যসচিব এনায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য ভুট্টু মিয়া, সালথা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন, ফরিদ হোসেন, হাবিবুর রহমান (হাবি), খোকন মাতুব্বর ও রাসেল শেখ। এ ছাড়া উপস্থিত ছিলেন যুবদলের সদস্য আখের আলী, মাসুদ হোসেন, শিমুল মিয়া, রিপন মাতুব্বরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবদলের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানের শুরুতে স্থানীয়দের পক্ষ থেকে হাসান আশরাফকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় বক্তারা বলেন, তাঁর নেতৃত্বে সালথা উপজেলা যুবদল আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে তাঁরা আশাবাদী। তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা করেন তাঁরা।
সংবর্ধনার জবাবে হাসান আশরাফ বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব, রাজনৈতিক দূরদর্শিতা ও দেশ গঠনের পরিকল্পনাকে সামনে রেখে দলকে আরও শক্তিশালী করতে হবে। তাঁর নির্দেশনা অনুসরণ করে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সাংগঠনিক দক্ষতা, নেতৃত্ব ও রাজনৈতিক কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, তাঁর দিকনির্দেশনায় সালথা-নগরকান্দায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
তিনি আরও বলেন, এলাকার মানুষের ভালোবাসা ও সম্মান তাঁকে অনুপ্রাণিত করেছে। এ সংবর্ধনা তাঁর দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংগঠনের স্বার্থে যুবদলকে শক্তিশালী ও সুসংগঠিত করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চান তিনি।
স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়।
বাংলাদেশ সময়: ২২:৫৩:৪৪ ৪ বার পঠিত | ● আটঘর ইউনিয়ন ● ফরিদপুর বিএনপি ● সালথা উপজেলা যুবদল ● হাসান আশরাফ