ঢাকা বুধবার, ৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
সরকার নিজেদের ব্যর্থতা, অযোগ্যতা ও অদক্ষতা আড়াল করতে বিরোধী দলকে অপপ্রচারের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। গতকাল মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
সরকারের উদ্দেশে শফিকুর রহমান বলেন, বিরোধী দলের চরিত্রহনন না করে নিজেদের ব্যর্থতা কাটিয়ে ওঠার চেষ্টা করুন। মানুষের দুঃখ-দুর্দশা দূর করতে পারলে তারা আপনাদের সমর্থন করবে।
এক মাস কারাভোগের পর দলের সহযোগী সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের মুক্তি উপলক্ষে সেখানে সংবর্ধনার আয়োজন করে জামায়াত।
সরকারের উদ্দেশে বিরোধীদলীয় নেতা বলেন, ‘যদি মনে করেন যে অতীতের মতো স্বৈরাচারী কায়দায় প্রতিবাদী কণ্ঠকে দমিয়ে দেবেন, স্তব্ধ করে দেবেন, তাহলে আপনাদের দুঃসংবাদ দিচ্ছি, এটি বাংলাদেশে আর হবে না।’
গত ১ অক্টোবর জামায়াতের ৩৪ জন সংসদ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা ওমরাহ শেষে দেশে ফেরেন। এ সময় লাগেজ পেতে বিলম্ব হওয়ায় বিমানবন্দরের কর্মকর্তাদের সঙ্গে উচ্চবাচ্য হয় মেজর আখতারের। শফিকুর রহমান বলেন, আখতারুজ্জামান কারও গায়ে হাত দেননি। অথচ মারধরের অভিযোগে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।
জামায়াত আমির বলেন, মেজর আখতারের প্রতিবাদের পর বিমানবন্দরের বিভিন্ন সমস্যা সমাধানে কিছু দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়েছে। দুই দফায় নতুন ট্রলি সংযোজন, লাগেজ বেল্টে ক্যামেরা স্থাপন এবং গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মীদের শরীরে বডি ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। এসব পরিবর্তন প্রমাণ করে, তিনি যেসব সমস্যার কথা তুলে ধরেছিলেন, সেগুলোর বাস্তবতা ছিল।
রিমান্ডে জামায়াতের অভ্যন্তরীণ বিষয়ে প্রশ্ন
গত ২ অক্টোবর আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে এ মামলায় তাঁকে রিমান্ডে নেওয়া হয়। শফিকুর রহমান বলেন, রিমান্ডে আখতারুজ্জামানের চোখ বেঁধে জামায়াতের অভ্যন্তরীণ বিষয়ে প্রশ্ন করা হয়, যা মামলার সঙ্গে সম্পর্কিত নয়।
রাজনৈতিক দলের অভ্যন্তরীণ তথ্য জানার এখতিয়ার ডিবির আছে কি না, সেই প্রশ্ন তুলে আখতারুজ্জামান বলেন, ‘পুলিশ হয়ে, ডিবি হয়ে একটি রাজনৈতিক দলের ভেতরের খবর জানার ন্যক্কারজনক সাহস কোথায় পেল? একটি রাজনৈতিক দলের নেতৃত্ব কীভাবে চলে, এই প্রশ্ন করার অধিকার পুলিশকে কে দিয়েছে?’
গত সোমবার হাইকোর্ট থেকে জামিন পান আখতারুজ্জামান। গতকাল সকালে তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
কারাফটকে ফুলের মালা দিয়ে তাঁকে বরণ করেন ঢাকা উত্তর মহানগর জামায়াতের আমির সেলিম উদ্দিন, ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ এমপি, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মো. কামাল হোসেনসহ অনেকে।
এদিকে গতকাল সকালে বিরোধীদলীয় নেতার বাসভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহ।
বাংলাদেশ সময়: ১৯:০৫:১৯ ১ বার পঠিত | ● জামায়াতে ইসলামী ● মিন্টো রোড ● মেজর আখতারুজ্জামান ● শফিকুর রহমান