ঢাকা বুধবার, ৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
নারী চিকিৎসকদের পেশাগত দক্ষতা, মেধা, আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও বহুমুখী প্রতিভা তুলে ধরতে আয়োজিত ‘মিস অ্যান্ড মিসেস ডাক্তার সিজন ১’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছেন ডা. কানিজ ফাতেমা ছোঁয়া। গত ৩১ অক্টোবর রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম আসরে বিজয়ীর মুকুট ওঠে তাঁর মাথায়। প্রথম রানারআপ হয়েছেন মেডিকেল শিক্ষার্থী নাবিলা তোরা এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন ডা. রিফা তামান্না।
আয়োজকদের দাবি, বাংলাদেশে প্রথমবারের মতো এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। চিকিৎসাসেবায় নিয়োজিত নারী চিকিৎসকদের পেশাগত সাফল্যের পাশাপাশি তাঁদের ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও নেতৃত্বগুণ তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নারী চিকিৎসকেরা অংশ নেন।
বিজয়ের মুহূর্তটি ডা. ছোঁয়ার কাছে ছিল ভীষণ আবেগের। মাথায় মুকুট নিয়ে সবার সামনে দাঁড়িয়েও নিজের অর্জন যেন বিশ্বাস করতে পারছিলেন না তিনি। সেই মুহূর্তে বারবার চোখের সামনে ভেসে উঠছিল বাবার মুখ। বাবা পাশে থাকলে হয়তো মেয়ের সাফল্যে গর্বে বুক ভরে উঠত তাঁর। তাই বিজয়ের আনন্দের পাশাপাশি বাবাকে কাছে না পাওয়ার কষ্টও অনুভব করেছেন ছোঁয়া। প্রতিযোগিতায় সফলতার পর শো ডিরেক্টর সাকিব সনেট এবং শোয়ের সিইও ও অর্গানাইজার ড. হাসান মাহমুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
খুলনার মেয়ে কানিজ ফাতেমা ছোঁয়া ২০২৫ সালে রাশিয়ার রস্তভ স্টেট মেডিক্যাল ইউনিভার্সিটি থেকে এমবিবিএস সম্পন্ন করেন। চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণের পাশাপাশি ছোটবেলা থেকেই তাঁর মধ্যে রয়েছে শিল্পীসত্তা। অভিনয়, গান, নাচ ও ছবি আঁকার প্রতি বিশেষ ভালোবাসা রয়েছে তাঁর। চিকিৎসাবিদ্যায় পড়াশোনার সময়ও সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে রাখেননি। দেশের বাইরে পড়াশোনার সময় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশনের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করতেন তিনি।
ছোঁয়ার ভাষায়, ‘আমার কেন যেন মনে হতো, আমার ভেতরে একটা শিল্পীসত্ত্বা রয়েছে। যে কারণে সংস্কৃতির প্রতি আমার একটা আলাদা টান অনুভব করি। আমার অভিনয় করতে ভালো লাগে, গাইতে ভালো লাগে, নাচতে ভালো লাগে। ছবি আঁকতেও ভালো লাগে।’
ছোঁয়ার পারিবারিক জীবনেও রয়েছে সংগ্রামের গল্প। তাঁর বাবা জি এম কামরুল হুদা একসময় ব্যাংকে চাকরি করতেন। তবে দেড় বছর আগে স্ট্রোক করার পর থেকে অসুস্থ অবস্থায় বাসায় রয়েছেন তিনি। তাঁর মা ফিরোজা হুদা। বাবা-মায়ের স্বপ্ন পূরণের পাশাপাশি ছোট ভাই তানজিমকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার দায়িত্ববোধও রয়েছে ছোঁয়ার কাঁধে।
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে ছোঁয়া জানান, চিকিৎসক হিসেবে নিজের দায়িত্ব পালনের পাশাপাশি অভিনয়ও চালিয়ে যেতে চান তিনি। একই সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্যসেবার বিভিন্ন অব্যবস্থাপনা নিয়ে কাজ করার স্বপ্ন রয়েছে তাঁর। তাঁর মতে, চিকিৎসক পরিচয়ের বাইরেও একজন মানুষের নিজস্ব প্রতিভা ও সৃজনশীল পরিচয় বিকাশের সুযোগ থাকা প্রয়োজন।
চিকিৎসক পরিচয়ের পাশাপাশি নিজের শিল্পীসত্তাকে এগিয়ে নেওয়ার স্বপ্ন নিয়ে নতুন এক অধ্যায় শুরু করেছেন ছোঁয়া। ভবিষ্যতে চিকিৎসাসেবার পাশাপাশি অভিনয়েও নিয়মিত হতে চান তিনি। সেই লক্ষ্যেই এগিয়ে চলেছেন এই চিকিৎসক।
বাংলাদেশ সময়: ২২:৫৯:২৭ ৯ বার পঠিত | ● কানিজ ফাতেমা ছোঁয়া ● ডা. হাসান মাহমুদ ● মিস অ্যান্ড মিসেস ডাক্তার সিজন ১