ঢাকা বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
ঢাকা: আজ ৩ নভেম্বর ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা ও ‘প্রিয়দর্শিনী’ মৌসুমীর জন্মদিন। তবে বিশেষ এই দিনে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। প্রায় তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে প্রবাসজীবন কাটাচ্ছেন এই নন্দিত অভিনেত্রী।
প্রিয়দর্শিনী এই তারকা দেশে না থাকলেও জন্মদিন ঘিরে ভক্ত-অনুরাগীদের উৎসাহ-উদ্দীপনায় কোনো কমতি নেই। ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্তে ফ্যান ক্লাবগুলোর উদ্যোগে বিশেষভাবে উদযাপন করা হচ্ছে দিনটি। পাশাপাশি স্বামী চিত্রনায়ক ওমরসানীর পক্ষ থেকেও রয়েছে বিশেষ চমক ও দোয়ার আয়োজন।
যুক্তরাষ্ট্রে যেভাবে কাটছে মৌসুমীর জন্মদিন: যুক্তরাষ্ট্র থেকেই নিজের জন্মদিন প্রসঙ্গে মৌসুমী জানান, এবার জন্মদিন ঘিরে তাঁর বড় কোনো পরিকল্পনা বা জাঁকজমকপূর্ণ আয়োজন নেই। আম্মু, মেয়ে ও বোনদের সঙ্গে যুক্তরাষ্ট্রেই ঘরোয়া পরিবেশে সুন্দর সময় কাটানোর পরিকল্পনা করেছেন তিনি। নিজেদের মতো করে খাওয়া-দাওয়া ও আড্ডাতেই কাটবে বিশেষ দিনটি।
মৌসুমী আরও বলেন, ‘ঢাকায় থাকলে হয়তো একটু ভিন্ন কিছুর আয়োজন হতো। তাছাড়া ইসলামে যেহেতু জন্মদিনে জাঁকজমকপূর্ণ কিছু করার কোনো রীতি নেই, তাই এই সময়ে এসে সেটা আরও একটু মেনে চলার চেষ্টা করি। তবে এটা ভেবে ভালো লাগে যে, ঢাকায় সানী নানান কিছু করে, আর আমার ফ্যান ক্লাব থেকে দেশজুড়েই ভক্তরা অনেক আয়োজন করে। সেসব আমি দূর থেকে উপভোগ করি, বেশ ভালোই লাগে।’
ছোটবেলার স্মৃতিচারণা করে প্রিয়দর্শিনী এই নায়িকা বলেন, ‘ছোটবেলায় আব্বু আমার জন্মদিনে এতিমখানায় খাওয়াদাওয়ার আয়োজন করতেন এবং সমাজের সুবিধাবঞ্চিত অসহায় মানুষদের সহযোগিতা করতেন। তবে বাসায় বড় কোনো উৎসবের প্রতি তাঁর অনাগ্রহ ছিল। অন্যদিকে আম্মু অনেক রান্নাবান্না করতেন এবং আত্মীয়স্বজনদের ডেকে খাওয়াতে ভালোবাসতেন। সেই দিনগুলো ও সময়গুলো আমি খুব মিস করি।’
দেশে ওমরসানী ও ফ্যান ক্লাবের বিশেষ আয়োজন: খোঁজ নিয়ে জানা গেছে, মৌসুমীর জন্মদিন উপলক্ষে রাজধানীর ফার্মগেটে ‘মৌসুমী ফ্যান ক্লাবের’ উদ্যোগে বিশেষ আয়োজন করা হচ্ছে।
এদিকে স্ত্রীর জন্মদিন প্রসঙ্গে চিত্রনায়ক ওমরসানী বলেন, ‘আমার স্ত্রী এবং আমার মেয়ে আমাকে অনুরোধ করেছে, যেন আমার ও পরিবারের পক্ষ থেকে বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়। এর পাশাপাশি আমি আরও একটা বিশেষ কাজ করছি, যা কাউকে জানাতে চাই না। কারণ আমি প্রচারের জন্য এটি করছি না, মন থেকেই করছি। আর ফ্যান ক্লাব থেকে যা আয়োজন করা হচ্ছে, সেখানে আমি শুধু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকব। ব্যস, এতটুকুই!’
সোনালি দিনের স্মৃতি ও বর্ণাঢ্য ক্যারিয়ার: ১৯৯৩ সালে প্রয়াত নির্মাতা সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন মৌসুমী। এর আগে বিভিন্ন বিজ্ঞাপনে মডেল হিসেবেও কাজ করেছেন তিনি। প্রথম সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেন অমর নায়ক সালমান শাহ। পরবর্তী সময়ে সালমান শাহর সঙ্গে ‘অন্তরে অন্তরে’, ‘দেনমোহর’ ও ‘স্নেহ’ সিনেমায় অভিনয় করেন তিনি।
ওমরসানীর বিপরীতেও অভিনয় করে সে সময় তুমুল জনপ্রিয়তা অর্জন করেন মৌসুমী। দর্শকমহলেও প্রশংসিত হন এই অভিনেত্রী। মৌসুমী ও ওমরসানী জুটির উল্লেখযোগ্য ও দর্শকপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘দোলা’, ‘আত্মঅহংকার’, ‘লজ্জা’, ‘বাপের টাকা’, ‘হারানো প্রেম’, ‘প্রথম প্রেম’, ‘স্নেহের বাঁধন’, ‘ফাঁসির আসামি’, ‘মুক্তির সংগ্রাম’, ‘কথা দাও’, ‘ক্ষুধা’ ও ‘রঙিন রঙ্গবাজ’।
বাংলাদেশ সময়: ০:৪৭:৩৯ ৭ বার পঠিত | ● ওমরসানী ● কেয়ামত থেকে কেয়ামত ● চিত্রনায়িকা মৌসুমী ● মৌসুমীর জন্মদিন