ঢাকা রবিবার, ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
গাজীপুর: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অর্থনৈতিক উন্নয়নে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সমবায়ের মাধ্যমে মধ্যস্থতাভোগীদের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি অর্থনৈতিক মন্দা দূর করা সম্ভব। ইংল্যান্ড থেকে সমবায় আন্দোলনের যাত্রা শুরু হলেও এখনো তা অব্যাহত রয়েছে। একসময় গ্রামকেন্দ্রিক উন্নয়ন কার্যক্রম চললেও ব্রিটিশরা এসে সেই উন্নয়ন বাধাগ্রস্ত করে।
রোববার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, সমবায় সমিতিগুলো নিজেদের সঞ্চয় ও আমানতের মাধ্যমে মূলধন গঠন করে কার্যক্রম পরিচালনা করে। এ ক্ষেত্রে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার প্রয়োজন হয় না। বরং মানুষের সদিচ্ছা ও আন্তরিকতাই গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক ও সামাজিক স্বার্থে কিছু মানুষ একত্র হয়ে সমবায় কার্যক্রম শুরু করেন।
তিনি আরও বলেন, সমবায় আন্দোলনের মাধ্যমে কৃষিভিত্তিক, সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তার ঘটানো সম্ভব। বর্তমান সরকার বিশ্বাস করে, সমবায় আন্দোলনের মাধ্যমে গ্রামের প্রান্তিক সমবায়ীদের উন্নয়নের পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে নাগরী কালব রিসোর্ট অ্যান্ড কনভেনশন হলে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এমপি।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূইয়া। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা আতাউর রহমান।
এ ছাড়া বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক তামান্না তাবাসসুম, কালবের চেয়ারম্যান আগষ্টিন পিউরিফিকেশন, উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাষ্টার, সমবায়ী আশরাফী হাবিবুল্লাহ, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান নায়েবুর রহমান মাসুদ, নাগরী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ভাইস চেয়ারম্যান উজ্জ্বল ডেনিস রোজারিও এবং মঠবাড়ি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সেক্রেটারি সানজিতা রোজারিও প্রমুখ।
পরে পাঁচটি শ্রেষ্ঠ সমবায় সমিতি ও তিনজন শ্রেষ্ঠ সমবায়ীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শ্রেষ্ঠ সমিতিগুলো হলো নাগরী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, বান্দাখোলা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, ভাসানিয়া খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন, চুয়ারিয়াখোলা নব জাগরণ কো-অপারেটিভ ক্রেডিট এবং চুয়ারিয়াখোলা উত্তর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে মনোনীত হন মঠবাড়ি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান পলাশ হিউবার্ট, বাঙ্গাল হাওলা আশার আলো বহুমুখী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন এবং উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান নায়েবুর রহমান মাসুদ।
এর আগে বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের অংশগ্রহণে কালব চত্বরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৭:০৫:১৫ ১ বার পঠিত | ● কালীগঞ্জ গাজীপুর ● জাতীয় সমবায় দিবস ● রুহুল কবির রিজভী ● সমবায় আন্দোলন