ঢাকা রবিবার, ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
পাবনা: ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে পাবনার সুজানগরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের উদ্যোগে র্যালিটি বের করা হয়। এটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন অতিথিরা।
পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন বিদ্যুতের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম এহসান, বিআরডিবির সভাপতি ইয়াকুব আলী প্রামাণিক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামীম হোসেন ও যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে দেশে সমবায় কার্যক্রম চালু করা হয়। সমবায়ের অর্থ হলো ঐক্যবদ্ধভাবে কাজ করা। এর মাধ্যমে দেশের গ্রামীণ অর্থনীতির চাকা সমৃদ্ধ হয়েছে। ভবিষ্যতেও দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে সমবায় সমিতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আলোচনা সভা শেষে সফল সমবায় সমিতিগুলোর মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানে নিবন্ধিত বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৬:১৩:৩৫ ১ বার পঠিত | ● জাতীয় সমবায় দিবস ২০২৬ ● সমবায় সমিতি ● সুজানগর পাবনা