![]()
পটুয়াখালী: রাঙ্গাবালীতে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করা এক অসহায় দম্পতির পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। তিনি ওই দম্পতির বাড়িতে গিয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাৎক্ষণিকভাবে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করেন। একই সঙ্গে ভবিষ্যতে সরকারি বিভিন্ন সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।
রাঙ্গাবালী সদর ইউনিয়নের আমলিবাড়িয়া গ্রামের বাসিন্দা মোসলেম রাড়ি ও তার স্ত্রী রওশনারা বেগম দীর্ঘদিন ধরে অভাব-অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন। দুজনেই নানা রোগে ভুগছেন। সামান্য জায়গার ওপর তৈরি করা জরাজীর্ণ একটি ঘরই তাদের একমাত্র আশ্রয়।
স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টি বা ঝড় হলেই ঘরের চাল দিয়ে পানি পড়তে থাকে। অনেক সময় বৃষ্টির পানি থেকে বাঁচতে পলিথিন মাথায় দিয়ে রাত কাটাতে হয় তাদের। এতে ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্রও ভিজে যায়। এভাবেই দীর্ঘদিন ধরে দুর্ভোগের মধ্যে দিন কাটছে এই দম্পতির।
সম্প্রতি বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে ইউএনও মোঃ নাজমুল হাসান নিজেই ওই দম্পতির বাড়িতে যান। সেখানে তিনি তাদের শারীরিক ও পারিবারিক অবস্থার খোঁজখবর নেন। পরে তাৎক্ষণিকভাবে তাদের দুই প্যাকেট শুকনো খাবার দেওয়া হয়। পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী বিভিন্ন ধরনের সহায়তার ব্যবস্থা করার আশ্বাস দেন ইউএনও।
ইউএনওর এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা অসহায় দম্পতির জন্য আরও সহযোগিতা করার উদ্যোগ নেওয়ায় উপজেলা প্রশাসনের প্রশংসা করেন।
ইউএনও মোঃ নাজমুল হাসান বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের দায়িত্বের অংশ। জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে ওই দম্পতির জন্য আরও কী ধরনের সহায়তা করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:১২:০২ ৭ বার পঠিত | ● ইউএনও ● পটুয়াখালী ● রাঙ্গাবালী