ঢাকা    বুধবার, ১২ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » ইউএনওর অপসারণ দাবিতে দুমকিতে মানববন্ধন

ইউএনওর অপসারণ দাবিতে দুমকিতে মানববন্ধন


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬


 ইউএনওর অপসারণ দাবিতে দুমকিতে মানববন্ধন
পটুয়াখালী: দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর দ্রুত অপসারণের দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার,১১ আগস্ট সকালে উপজেলা পরিষদের সামনে লেবুখালী- বাউফল মহাসড়কে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা ইউএনওর নানা অনিয়মের বিরুদ্ধে স্লোগান দেন। তাদের অভিযোগ- উপজেলায় মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের কোনো কার্যকর ভূমিকা নেই, ফ্যামিলি কার্ডের শুমারি ও তালিকা প্রণয়নে চরম অনিয়ম ও পক্ষপাতিত্ব করা হয়েছে এবং তিনি নিজের দায়িত্ব পালনে চরম অবহেলা প্রদর্শন করছেন।
মানববন্ধনে বক্তব্য প্রদানকালে মোসাঃ স্বর্ণা আক্তার, মোঃ আমিনুল ইসলাম, মোঃ মাহাবুব খলিফা, আঃ রহমান ও মোঃ নাজেম সরদারসহ অপরাপর বক্তারা বলেন, মাদক দমনে প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। এছাড়া ফ্যামিলি কার্ডের তালিকায় বিতর্কিত ব্যক্তিদের নাম ঢোকানোয় প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হচ্ছেন। এসব কারণে সাধারণ মানুষ বর্তমান ইউএনওর ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে। বক্তারা অবিলম্বে তার অপসারণ নিশ্চিত করে এলাকায় একটি নিরপেক্ষ ও জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠার জোর দাবি জানান।
অন্যদিকে, উত্থাপিত সকল অভিযোগ অস্বীকার করেছেন ইউএনও আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। তার দাবি, ফ্যামিলি কার্ডের তালিকা সম্পূর্ণ মেধার ভিত্তিতেই করা হয়েছে। কোনো ধরনের অনৈতিক সুবিধা বা সুপারিশ গ্রহণ না করার কারণেই একটি গোষ্ঠী তার বিরুদ্ধে এসব অবান্তর অভিযোগ তুলছে।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে ইউএনওর মূল দায়িত্বের পাশাপাশি তাকে এসিল্যান্ডের অতিরিক্ত দায়িত্ব সামলাতে হচ্ছে। এছাড়া নিয়মিত দাপ্তরিক সভার কারণে কাজের বেশ চাপ থাকে, যার ফলে মাঝে মাঝে কাঙ্ক্ষিত সময়ে সেবাপ্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব হয়ে ওঠে না।
কর্মসূচির শেষপর্যায়ে মানববন্ধনকারীরা স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিতর্কিত এই কর্মকর্তাকে অপসারণ করা না হলে পরবর্তীতে আরও কঠোর ও জোরদার আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

এন/ এন

বাংলাদেশ সময়: ২২:২৯:৪৫   ৪১ বার পঠিত  |