![]()
পাবনা: সুজানগরে অপহরণের ১৫ দিন পর হলেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলপড়–য়া ছাত্রী। এদিকে মেয়েকে উদ্ধার করতে না পারায় আজানা আশঙ্কার দিন পার করছেন মেয়েটির পরিবার। ওই ঘটনায় সুজানগর থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের উদয়পুর গ্রামের মো. মিজান শেখের ছেলে রাতুল শেখ (২১) সহ আরো চারজনকে আসামি করা হয়েছে।
মামলা ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের উদয়পুর গ্রামের ওই শিক্ষার্থী স্থানীয় উদয়পুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে যাওয়া আসার পথে মেয়েটিকে একই গ্রামের মো. মিজান শেখের বখাটে ছেলে রাতুল শেখ প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে দীর্ঘদিন যাবৎ উত্তপ্ত করে আসছিল। বিষয়টি তাদের অভিভাবকদেও জানানো হলেও কোন প্রতিকার পায়নি ওই শিক্ষার্থীর পরিবার।
এদিকে, গত ২২জুলাই সকালে বিদ্যালয়ে যাওয়া পথে পূর্ব থেকে উৎ পেতে থাকা রাতুলসহ অভিযুক্তরা ওই শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায় বলে জানা যায়। পরে, পিতা সৌদি প্রবাসী হওয়ায় ওই ঘটনায় শিক্ষার্থীর মা বাদি হয়ে গত ২৭ জুলাই সুজানগর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
শিক্ষার্থীর মা জানান, তার স্কুল পড়ুয়া মেয়েকে গত ২২ জুলাই সকালে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে। থানায় অপহরণ মামলা করার পরও পুলিশ তার মেয়েকে উদ্ধার করতে পারেনি। মামলার একাধিক আসামী দিনের বেলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। বখাটের পরিবার এখন মামলা তুলে নিতে আমাদের হুমকি দিচ্ছে। মামলা তুলে না দিলে নাকি মেয়েকে কোনো দিনও দেবে না। মেয়ের চিন্তায় উৎকন্ঠায় রয়েছি।
সুজানগর থানার ওসি(তদন্ত) লালবুর রহমান মঙ্গলবার জানান, অপহরণ হওয়া মেয়েটিকে উদ্ধার ও আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:০৩:২২ ১৭ বার পঠিত | ● অপহরণ ● সুজানগর ● স্কুল ছাত্রী