![]()
বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট দিয়ে ২২ বছর পর টেস্ট ফিরেছে নর্দার্ন টেরিটরির ডারউইনে। সাড়ে তিন দিন দুর্দান্ত লড়াইও হয়েছে দুই দলের। অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য নর্দার্ন টেরিটরির ক্রিকেট সংস্থা আশা করছে, পরের টেস্টটি আয়োজন করতে এরপর আর দুই যুগ অপেক্ষা করতে হবে না তাদের।
স্থানীয় ক্রিকেট পরিচালকেরা আশা করছেন, বাংলাদেশ-অস্ট্রেলিয়ার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টেস্ট আয়োজনের পর ডারউইন এখন নিয়মিত আন্তর্জাতিক ভেন্যুতে পরিণত হতে পারে। মারারা স্টেডিয়ামের ড্রপ-ইন পিচ বেশ প্রশংসা কুড়িয়েছে। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছ থেকে পূর্ণ নম্বর পাওয়ার ব্যাপারেও তারা আশাবাদী।
![]()
নর্দার্ন টেরিটরি ক্রিকেটের প্রতিনিধি গ্যাভিন ডাভি ক্রিকেট ডট কম ডট এইউকে বলেছেন, ‘ম্যাচটা সত্যিই দুর্দান্ত ছিল—এটা অন্য এক উচ্চতায় নিয়ে গেছে। তাই আমি এখানে আরও বেশি টেস্ট ক্রিকেট দেখতে চাই।’
তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান টড গ্রিনবার্গ কয়েক দিন আগেই জানিয়েছেন, অস্ট্রেলিয়ার দূরবর্তী উত্তরাঞ্চলে টেস্ট ম্যাচ আয়োজন করা বেশ ব্যয়বহুল। তবে তারা আরও বেশি ওয়ানডে-টি টুয়েন্টি আয়োজন করতে চান। তবে নর্দার্ন টেরিটরি ক্রিকেটের প্রতিনিধি ডাভি বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টে দর্শকদের আগ্রহ দেখে এই সংস্করণের ম্যাচ আয়োজনের ব্যাপারেও আশাবাদী।
ডারউইন টেস্টে ১৫ হাজারের বেশি দর্শক মাঠে এসেছিলেন। ডাভি মনে করছেন, এই সাফল্য টেরিটরি সরকারের কাছ থেকে অতিরিক্ত অর্থ পেতে সাহায্য কবে তাদের, ‘আমি বিশ্বাস করতে চাই ম্যাচটা এতটাই ভালো হয়েছে যে এই ধরনের (দর্শক কম হওয়া বা খরচ–সংক্রান্ত) সমস্যাগুলো সমাধান করা সম্ভব।’
গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টি-টুয়েন্টি আন্তর্জাতিক ম্যাচেও ভালো সাড়া পেয়েছিল নর্দার্ন টেরিটরি। ক্রিকেট অস্ট্রেলিয়া ইতিমধ্যেই আগামী বছরের আগস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে আয়োজনের জন্য ডারউইনকে ভেন্যু হিসেবে ঠিক করেছে।
ভবিষ্যতে আরও বেশি ম্যাচ আয়োজনের আশা প্রকাশ করে ডাভি বলেন, ‘২০২৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচগুলো শেষ হওয়ার পর আমি আশা করি আমরা নর্দার্ন টেরিটরি সরকার ও সিএর সঙ্গে এক টেবিলে বসে আলোচনা করতে পারব, এফটিপি (ফিউচার ট্যুরস প্রোগ্রাম) এখন দেখতে কেমন ও আগামী তিন বছর কেমন হতে পারে।’
এরপর নিজেদের স্বপ্নের কথাও জানান ডাভি, ‘আমাদের সেরা স্বপ্ন হবে এমন একটি পর্যায়ে পৌঁছানো, যেখানে টানা ছয় বছর আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত হবে, যা অতীতের পরিস্থিতির চেয়ে সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র হবে।’
বাংলাদেশ সময়: ২২:৪৭:১৯ ৭ বার পঠিত | ● অস্ট্রেলিয়া ● টেস্ট ● বাংলাদেশ