![]()
সিলেট: হবিগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২৪ আগস্ট) হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি,ব্যবস্থাপনায় এবং জেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় জেলার প্রায় অর্ধশত বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোর অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক।
অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারী শিশু-কিশোররা সমবেতভাবে ‘আমাদের দেশটা স্বপ্নপুরী’ গানটি পরিবেশন করে। পরে চিত্রাঙ্কন ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিশু-কিশোরকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোররা সমাজের বোঝা নয়; তারাও আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের মধ্যে রয়েছে নানা ধরনের প্রতিভা ও সম্ভাবনা। প্রয়োজন শুধু তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে দেওয়া। এ ধরনের সাংস্কৃতিক আয়োজন তাদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের প্রতি পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব রয়েছে। তাদের মেধা ও প্রতিভা বিকাশে আরও বেশি সুযোগ সৃষ্টি করতে হবে। ভবিষ্যতেও তাদের নিয়ে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিজয়ীদের পাশাপাশি সকল অংশগ্রহণকারীকে শুভেচ্ছা উপহার দেওয়ায় শিশু-কিশোরদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ এবং তাদের সমাজের মূলধারার সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:২৬:৩৯ ৭ বার পঠিত | ● চিত্রাঙ্কন ● প্রতিযোগীতা ● হবিগঞ্জ