ঢাকা    রবিবার, ৩০ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » চট্রগ্রাম » সুপারি পাড়তে রাজি না হওয়ায় শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

সুপারি পাড়তে রাজি না হওয়ায় শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ


বিশেষ প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট ২০২৬


 সুপারি পাড়তে রাজি না হওয়ায় শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

নোয়াখালী: লক্ষ্মীপুর সদর উপজেলায় সুপারি পাড়তে রাজি না হওয়ায় রিশাদ (১২) নামের এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় চর রুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রুবেল (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছেন নিহত শিশুর স্বজনেরা।

নিহত রিশাদ সদর উপজেলার ৪ নম্বর চর রুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফতু ব্যাপারি বাড়ির সাহেদ হোসেনের ছেলে। অভিযুক্ত রুবেল একই এলাকার মিলনের ছেলে।

নিহতের স্বজনদের অভিযোগ, শনিবার সন্ধ্যায় রুবেল রিশাদকে সুপারি পাড়তে বলেন। এতে রাজি না হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে ছুরি দিয়ে রিশাদের পেটে একাধিকবার আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) শামীম আফজাল বলেন, রিশাদ নামের এক শিশুকে জরুরি বিভাগে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার শরীরে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন রয়েছে।

রিশাদের স্বজনদের দাবি, অভিযুক্ত রুবেল মাদকাসক্ত।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ ফারবেজ বলেন, ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুর মরদেহ মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:৪৬   ৪ বার পঠিত  |